নৌ-খাত উন্নয়নে জিসিবির ১৫ দফা সুপারিশ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ২১:৪০

বাস্তবায়নের দাবি বিশেষজ্ঞদের 

ইত্তেফাক রিপোর্ট

নৌদুর্ঘটনা তদন্ত, নৌযানের নকশা অনুমোদন ও অভ্যন্তরীণ মাস্টার-ড্রাইভারশিপ পরীক্ষার দায়িত্ব নৌপরিবহন অধিদপ্তর থেকে প্রত্যাহারের দাবি তুলেছে গ্রিন ক্লাব অব বাংলাদেশ (জিসিবি)। বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞদের সমন্বয়ে স্বাধীন তদন্ত কমিটি, স্বতন্ত্র নকশা অনুমোদন কমিটি ও অভ্যন্তরীণ মাস্টারশিপ-ড্রাইভারশিপ পরীক্ষা বোর্ড গঠনের প্রস্তাব করেছে পরিবেশ ও নাগরিক অধিকার বিষয়ক বেসরকারি সংগঠনটি। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে জিসিবির পক্ষে এসব প্রস্তাবসহ ১৫টি সুপারিশ উত্থাপন করা হয়। এ সময় উপস্থিত সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, নৌযান মালিক ও শ্রমিক নেতাসহ বিশিষ্টজন এই সুপারিশমালাকে বাস্তবসম্মত ও সময়োপযোগী মন্তব্য করে সেগুলো অবিলম্বে বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নৌযান ও নৌযন্ত্র কৌশল বিভাগের অধ্যাপক ড. মীর তারেক আলী বলেন, বিরাজমান সমস্যাগুলো চিহ্নিত ও বিশ্লেষণ করে জিসিবির দেওয়া  সুপারিশমালা নৌখাত উন্নয়নে বাস্তবসম্মত। একই অভিমত ব্যক্ত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ বদিউজ্জামান বাদল।

এই সঙ্গে তিনি অবিলম্বে সুপারিশমালা বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান। জিসিবির কর্মকাণ্ডের প্রতি সংহতি প্রকাশ করে বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সবুজ সিকদার বলেন, ১৫টি সুপারিশের সবগুলোই সময়োপযোগী। আলোচনার শুরুতে সুপারিশগুলো উত্থাপন করেন জিসিবির  সাধারণ সম্পাদক আশীষ কুমার দে। সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল ভদ্রর সঞ্চালনায়। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, মিডিয়া ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্টের  নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম সবুজ প্রমুখ।

সুপারিশমালা উত্থাপনকালে আশীষ কুমার দে বলেন, বর্তমান সরকারের আমলে নৌ যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে ধারাবাহিক কর্মযজ্ঞ চলছে। প্রধানমন্ত্রী ও নৌ প্রতিমন্ত্রীসহ সাবেক দুই নৌমন্ত্রীর চেষ্টারও ঘাটতি নেই। তা সত্ত্বেও কাঙ্ক্ষিত উন্নয়ন এখনো হয়নি। তাই টেকসই উন্নয়নের স্বার্থে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের ওপর প্রধানমন্ত্রী ও নৌ প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য সুপারিশমালা উত্থাপন করা হয়েছে।