অ্যাভিয়েন ইনফ্লুয়েঞ্জা নিয়ন্ত্রণে ভ্যাকসিন নীতিমালা না থাকায় বিস্ময়

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ২১:৪১

ইত্তেফাক রিপোর্ট

অ্যাভিয়েন ইনফ্লুয়েঞ্জা নিয়ন্ত্রণে ভ্যাকসিন নীতিমালা নেই জেনে বিস্মিত হলেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ। তিনি বলেন, ‘আমার নিজেরই প্রশ্ন, ভ্যাকসিন নীতিমালা নেই কেন? এটা কার কাছে জিগ্যেস করব? এটা খুবই দুঃখজনক আমাদের জন্য।’ গতকাল রাজধানীর একটি হোটেলে অ্যাভিয়েন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের কার্যকারিতা ও ভ্যাকসিনেশন কর্মসূচি জোরদারকরণ বিষয়ে উচ্চপর্যায়ের এক সেমিনারে তিনি এ প্রশ্ন করেন। সেমিনারে বক্তারা দেশে অ্যাভিয়েন ইনফ্লুয়েঞ্জা নিয়ন্ত্রণে ভ্যাকসিন নীতিমালা না থাকার বিষয়টি তুলে ধরেন। প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, অ্যাভিয়েন ইনফ্লুয়েঞ্জা নিয়ন্ত্রণে দেশে শিগিগরই ভ্যাকসিন নীতিমালা প্রণয়ন করা হবে। এ জন্য শিগিগরই একটি কারিগরি কমিটি গঠন করা হবে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. শেখ আজিজুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন মত্স্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ। সম্মানিত অতিথি ছিলেন বিএলআরআইয়ের মহাপরিচালক ড. মো. আবদুল জলিল ও এফএওর বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি সিম্পসন। স্বাগত বক্তব্য রাখেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রফিকুল ইসলাম ও বিএলআরআইয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আব্দুস সামাদ।