মানিকগঞ্জ প্রতিনিধি
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে স্কুলগামী ১২ থেকে ১৭ বছর বয়সি শিশুদের করোনার টিকা দেওয়া শুরু হবে। গতকাল মানিকগঞ্জ পৌরসভার কার্যালয় প্রাঙ্গণেই পৌরসভার উন্নয়নমূলক কাজের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, যেহেতু স্কুল-কলেজ খুলে দেওয়া হয়েছে। তাই শিশুদের নিরাপদ রাখতে তাদেরও টিকার আওতায় আনতে হবে। শিশুদের উপযোগী আমেরিকার তৈরি ফাইজারের টিকা তাদের দেওয়া হবে। সে অনুযায়ী টিকা আনার সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী কর্মসূচিতে এক কোটিরও বেশি মানুষকে টিকা দেওয়া হবে বলেও তিনি জানান।
মতবিনিময় সভায় পৌর মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ, পুলিশ সুপার গোলাম মো. আজাদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, যুগ্ম-সম্পাদক সুলতানুল আজম খান আপেল বক্তব্য রাখেন। সভায় পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও শহর উন্নয়ন কমিটির সদস্যসহ গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
