ইত্তেফাক রিপোর্ট
গত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৪টির বা ২২ দশমিক ২২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গত সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৮ দশমিক ৪০ টাকায়। আর বিদায়ি সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৮৭ দশমিক ৪০ টাকায়। অর্থাত্ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১৯ টাকা বা ২৭ দশমিক ৭৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আলিফ ইন্ডাস্ট্রিজের ২৬ দশমিক ৬৩ শতাংশ, ফরচুন সুজের ১৮ দশমিক ৮৫ শতাংশ, ডেল্টা লাইফ ইনসিওরেন্সের ১৬ দশমিক ৬২ শতাংশ, দেশ গার্মেন্টসের ১৬ দশমিক ৪৯ শতাংশ, বেক্সিমকোর ১৫ দশমিক ৬৫ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ১৫ দশমিক ৪৭ শতাংশ, আইপিডিসির ১৪ দশমিক ১৪ শতাংশ, শমরিতা হসপিটালের ১৩ দশমিক ০৬ শতাংশ এবং ফার্মা এইডসের শেয়ার দর ১১ দশমিক ৩৪ শতাংশ বেড়েছে।
