উদ্যোক্তাকে কোনো ধরনের ফি পরিশোধ করতে হবে না
ইত্তেফাক রিপোর্ট
কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ (সিএমএসএমই) সব উদ্যোক্তাদের উত্পাদিত পণ্য অনলাইনে বিপণনের জন্য ‘বিসিক অনলাইন মার্কেট (www.bscic-emarket.gov.bd)’ চালু করেছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই প্রকল্পের কারিগরি সহযোগিতায় উদ্যোক্তাদের জন্য ‘বিসিক অনলাইন মার্কেট’ নামীয় ই-কমার্স প্ল্যাটফরম তৈরি করা হয়েছে। যেসব উদ্যোক্তাগণের নিজস্ব কোনো শো-রুম (বিক্রয়কেন্দ্র) নেই সেই সব উদ্যোক্তাসহ সব উদ্যোক্তাদের উত্পাদিত পণ্য অনলাইনে বাজারজাতকরণের জন্য এই ই-কমার্স প্ল্যাটফরমটি তৈরি করা। এই প্ল্যাটফরম থেকে উদ্যোক্তাগণ বিনামূল্যে উত্পাদিত পণ্য প্রদর্শন ও বাজারজাতকরণ করতে পারবে। পণ্য অনলাইনে বাজারজাতকরণের জন্য উদ্যোক্তাকে কোনো ধরনের ফি পরিশোধ করতে হবে না।
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ, এমপি, শিল্প সচিব জাকিয়া সুলতানা, এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন।
