ভ্যাকসিন সংকটে আফ্রিকা বেড়েছে সংক্রমণ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৭

গত দুই মাসের মধ্যে চলতি সপ্তাহে বিশ্ব জুড়ে করোনা সংক্রমণ প্রথম বার নিম্নমুখী হয়েছে বলে সম্প্রতি জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। তবে একমাত্র ব্যতিক্রম আফ্রিকা। সেখানে সংক্রমণের হার ৭ শতাংশ বেড়েছে। তার উপরে রয়েছে টিকার সঙ্কট। পর্যাপ্ত টিকার অভাবে জাতিসংঘের কোভ্যাক্স কর্মসূচি আফ্রিকায় মুখ থুবড়ে পড়েছে। আনন্দবাজার পত্রিকা। এ বছরের মধ্যে আফ্রিকা পাবে মাত্র ১৫ কোটি ডোজ। ঘাটতি থাকবে ৪৭ কোটির। আর তাতেই আশঙ্কার মেঘ দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আফ্রিকায় হু-র ডিরেক্টর মাতশিদিসো মোয়েতি বলেন, ‘টিকাহীন আফ্রিকায় আগামী দিনে করোনার আরো ভয়ঙ্কর নতুন নতুন স্ট্রেন তৈরি হতে পারে।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এ বছরের শেষে তারা ৪০ শতাংশ মানুষকে টিকাকরণের আওতায় আনার যে কর্মসূচি হাতে নিয়েছে, তা আফ্রিকায় সফল করা সম্ভব নয়। সেখানে সাকুল্যে ১৭ শতাংশ মানুষকে টিকা দেওয়া যাবে। মোয়েতির মতে, এই পরিস্থিতিতে ধনী দেশগুলো এগিয়ে না এলে আফ্রিকায় টিকাকরণের লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব নয়। এদিকে শিশু এবং কিশোর-কিশোরীদের উপরে করোনা প্রতিষেধক কতটা কার্যকর তা নিয়ে দক্ষিণ আফ্রিকায় চূড়ান্ত পরীক্ষা শুরু করেছে চীনের টিকা প্রস্তুতকারী সংস্থা সিনোভ্যাক বায়োটেক।