রাখা হবে না জেমিকে
স্পোর্টস রিপোর্টার
বসুন্ধরা কিংসের স্প্যানিশ ফুটবল কোচ অস্কার ব্রুজন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব গ্রহণ করবেন কি না, এখনো নিশ্চিত না। বাফুফের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি শুক্রবার ঘোষণা করেছিল অস্কার ব্রুজন জামাল ভুঁইয়াদের কোচ হবেন, সেটি দুই মাসের জন্য। এই দুই মাসে সাফ চ্যাম্পিয়নশিপ, অনূর্ধ্ব-২৩ এএফসি কোয়ালিফায়ার্স ম্যাচ এবং শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্টের জন্য অস্কার ব্রুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। জেমিকে দুই মাসের জন্য দায়িত্ব হতে সরিয়ে দেওয়া হয়। নিজের চাকরির ব্যাপারে অবাক হয়েছেন অস্কার। গতকাল অস্কার ব্রুজন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিনের বারিধারার বাসায় গিয়ে সভা করেছেন।
সভায় প্রবেশ করার আগেই অস্কার বলছিলেন তিনি একটা চাকরিতে রয়েছেন। ক্লাব কোচিং করাচ্ছেন। এখানে থাকা অবস্থা কীভাবে বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করবেন। অস্কার বললেন, ‘আমি ক্লাব ফুটবলে সাফল্য পেয়েছি। এখানে ভালো আছি। আর মাত্র দুইটা টুর্নামেন্টের জন্য কাজ করব। পরে আবার ক্লাব কোচিংয়ে যাব। আমি বুঝতে পারছি না। একটা কী করে হয়। আমি ১৩ মাস ধরে পরিবার হতে বিচ্ছিন্ন। ২০ সেপ্টেম্বর খেলা শেষ হলে আমি ছুটিতে যাবো তখন।’
এরই মধ্যে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বাফুফের সভাপতির বাসায় প্রবেশ করেন। কাজী সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক এবং অস্কার ব্রুজন তিন জন রুদ্ধদ্বার বৈঠক করেন প্রায় তিন ঘণ্টা। আগেই জানিয়ে দেওয়া হয়েছিল কোনো কথা বলবেন না তারা। সবকিছু চূড়ান্ত হলে তবেই কথা। মুখ খুলবেন। কিন্তু শেষ পর্যন্ত মুখ বন্ধ রাখতে পারেননি কেউ। সালাহউদ্দিনের বাসা হতে বেরিয়ে গাড়িতে ওঠার সময় অস্কার ব্রুজন বলে গেলেন, তিনি কাজ করবেন কি করবেন না সেটা নির্ভর করছে বাফুফে এবং বসুন্ধরা কিংসের ওপর। তিনি বলেন, ‘আমি ক্লাব ফুটবলে অনেক সাকসেস পেয়েছি। এখন সাকসেস পাওয়ার জন্য মরিয়া নই।’ জানতে চাইলে অস্কার ব্রুজন জানান, যদি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব গ্রহণ করেন তাহলে সেটি হবে তার কোচিং ক্যারিয়ারে প্রথম জাতীয় দলের দায়িত্ব।’
কী আলোচনায় হয়েছিল তা পরিষ্কার করেননি বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন। দবে জানা গেছে অস্কার ব্রুজন জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করতে রাজি হলেও তিনি একাধিক শর্ত দিয়েছেন। একটা জাতীয় গড়ে তোলার জন্য কী কী লাগবে তা নিয়ে আলোচনা হয়েছে। কোচের দাবি-দাওয়া আছে। একটা জাতীয় দলকে দাঁড় করাতে তার কি পরিকল্পনা আছে সেগুলো জানিয়েছেন অস্কার।
সালাহউদ্দিন বললেন, ‘ওর (অস্কার ব্রুজন) দাবি অনেক লম্বা। এত কিছু পূরণ করা কঠিন।’ জাতীয় দলের কোচের ব্যাপারে হাতে অপশন রেখেছেন। অস্কারকে এক বছরের জন্য চায় বাফুফে। যদি না পাওয়া যায় তাহলে আগামী দুই মাসের মধ্যে যে কয়টি টুর্নামেন্ট হাতে আছে শুধুমাত্র সেগুলো পরিচালনা করবেন অস্কার। ইরানি কোচ আলী দাইয়ির নামটা উঠেছিল, তিনি সেটি উড়িয়ে দিয়েছেন। আপাতত অস্কার ব্রুজনের বিষয়টি শেষ করতে চান। সামনে সাফ আছে। সালাহউদ্দিন বললেন, ‘সাফের চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে।’
