স্পোর্টস রিপোর্টার
আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ (অনূর্ধ্ব-২৩) নারী ফুটবলের চূড়ান্ত পর্ব। এখন বাছাইয়ের খেলা। আজ বাংলাদেশের জি গ্রুপের খেলা শুরু হচ্ছে উজবেকিস্তানে। গ্রুপে বাংলাদেশ ছাড়াও আছে জর্ডান এবং ইরান। আজ উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের বুনিয়দকর স্টেডিয়ামে বিকাল ৪টায় বাংলাদেশ-জর্ডান মুখোমুখি হবে।
র্যাংকিংয়ে দুই দলই বাংলাদেশের চেয়ে অনেক বেশি শক্তিশালী। সর্বশেষ র্যাংকিংয়ে ৬৩তম স্থানে জর্ডান রয়েছে। বাংলাদেশের অবস্থান ১৩৭। বাংলাদেশ আজ মাঠে নামার আগে নেপালে গিয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে নেপালের বিপক্ষে। প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট কোচ গোলাম রাব্বানী ছোটন। ছোটন জানালেন, শক্তিশালী প্রতিপক্ষ জর্ডানের বিপক্ষে সেরাটা দিতে প্রস্তুত তার দল। তিনি বলেন, ‘জর্ডানের বিপক্ষে মেয়েরা তাদের সেরাটা দিতে মুখিয়ে আছে। আশা করছি, খুব ভালো একটা ম্যাচ উপহার দিতে পারব।’
গতকাল সকালে উজবেকিস্তান পৌঁছেছেন মহিলা জাতীয় দলের টিম লিডার ও বাফুফের সদস্য জাকির হোসেন চৌধুরী, মহিলা কমিটির চেয়ারম্যান এবং ফিফা কাউন্সিল মেম্বার মাহফুজা আক্তার কিরণ। তারা বর্তমানে হোটেল আইসোলেশনে রয়েছেন।
