আইপিএলের অবশিষ্ট খেলা শুরু আজ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ২২:০০

স্পোর্টস ডেস্ক

চার মাস বিরতির পর আজ সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অবশিষ্ট অংশ। দুবাই ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স।

বাংলাদেশি দুই খেলোয়াড় সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান ইতিমধ্যেই যোগ দিয়েছেন তাদের নিজ নিজ দলে। আগামী ২০ সেপ্টেম্বর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে সাকিবের কলকাতা নাইট রাইডার্স। পরের দিনই পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে মুস্তাফিজের রাজস্থান রয়্যালস।

স্থগিতের আগে রাজস্থানের হয়ে ৭ ম্যাচ খেলে ৮ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজের ফর্ম ধরে রাখার প্রত্যাশা নিয়েই আইপিএলে গেছেন বাঁহাতি এই পেসার। অপরদিকে কলকাতার হয়ে সাকিব দলে ছিলেন মাত্র তিন ম্যাচে। যেখানে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই অলরাউন্ডার।

গত ৯ এপ্রিল ভারতে শুরু হওয়া আইপিএলের ১৪তম আসর বন্ধ করতে হয় মাঝপথেই। কারণ করোনা পজিটিভ হয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের দুই খেলোয়াড় বরুণ চক্রবর্তী ও সান্দীপ ওয়ারিয়ার। আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় গত ৩ মে টুর্নামেন্ট স্থগিত করে দেয় টুর্নামেন্ট কমিটি। একই কারণে ভারতের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে ভেন্যু স্থানান্তর করা হয়। ৫৮ ম্যাচের মধ্যে এখন বাকি আছে ২৭ ম্যাচ। ৩১ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দিল্লি ক্যাপিটালস। দুবাই, আবুধাবি ও শারজাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের বাকি ম্যাচগুলো। যেখানে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচও। আইপিএল শেষের মাত্র দুই দিন পরই (১৭ অক্টোবর) অনুষ্ঠিত হবে কুড়ি ওভারের ফরম্যাটের সর্বোচ্চ আসরটি। তাই একই উইকেটে অনুষ্ঠিত হতে পারে বেশি ম্যাচ। যার ফলে, চার-ছক্কার ফুলঝুড়িও কমে যেতে পারে।

কোভিড-১৯ জটিলতার মধ্যেও আইপিএলে এবার দেখা যাবে সীমিত সংখ্যক দর্শক। তবে দেখা যাবে না কিছু পরিচিত খেলোয়াড়কে। বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করতেই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন—প্যাট কামিন্স, জস বাটলার, জনি বেয়ারস্টো, কেন রিচার্ডসন, অ্যাডাম জামপা, ক্রিস ওকসের মতো তারকারা।