আশরাফুলের বাড়িতে মাতম
তিতাস (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার তিতাসে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার শাহপুর গ্রামের স্কুলপড়ুয়া অটোরিকশা চালক আশরাফুল আমিন শুভর বাড়িতে চলছে মাতম। একমাত্র ছেলেকে হারিয়ে মা-বাবা প্রতিনিয়ত মূর্ছা যাচ্ছেন। তাদের এ দৃশ্য দেখে আগত লোকজনও আবেগাপ্লুত হয়ে পড়ছেন।
শুক্রবার দাউদকান্দির গৌরীপুর ইউনিয়নের দৈয়াপাড়া হাজিবাড়ির নোমান মিয়ার মাছের প্রজেক্টের দক্ষিণ-পশ্চিম পাড় থেকে মুখে স্কচটেপ মারা গাছের সঙ্গে হাত-পা বাঁধা আশরাফুলের লাশ উদ্ধার করে গৌরীপুর পুলিশ ফাঁড়ির পুলিশ।
আশরাফুল আমিন শুভ (১৬) উপজেলার শাহপুর গ্রামের অটোরিকশা চালক আল আলামিনের ছেলে। সে উপজেলার লালপুর নজরুল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। দুই ভাইবোনের মধ্যে আশরাফুল বড়। মহামারি করোনাকালীন স্কুল বন্ধ থাকায় বাবার সঙ্গে অটোরিকশা চালাতেন আশরাফুল। ময়নাতদন্ত শেষে শুক্রবার সন্ধ্যায় তার লাশ শাহপুর দক্ষিণপাড়া কবরস্থানে দাফন করা হয়।
শনিবার নিহতের বাড়িতে গেলে বাবা আল আলামিন জানান, আমি ও শুভ দুই জনেই গৌরীপুর বাজার থেকে বিভিন্ন রোডে অটোরিকশা চালাই। বৃহস্পতিবার রাত প্রায় ৮টায় গৌরীপুর বাজারে ছেলের সঙ্গে আমার শেষ দেখা হয়। ‘তখন আশরাফুল বলে বাবা আমার গাড়িতে চার্জ নাই, আমি বাড়ি চলে যাই। তখন আমি বলি ঠিক আছে গাড়ি গ্যারেজে চার্জে লাগিয়ে বাড়িতে চলে যাও। এই কথা বলে আমি যাত্রী নিয়ে লক্ষ্মীপুর চলে যাই।’
