১০ দফা দাবি আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ২২:০৫

বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক

আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে ১০ দফা দাবি আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান, ট্যাংকলরী, প্রাইম মুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। গতকাল রাজধানীর তেজগাঁয়ে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় এ আহ্বান জানানো হয়।

সভায় সমিতির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান, ট্যাংকলরী, প্রাইম মুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক মো. রুস্তম আলী খান ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান, ট্যাংকলরি, প্রাইম মুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের ডাকা আহূত ৪৮ ঘণ্টার কর্মবিরতি সফল করতে মালিক ও শ্রমিক সংগঠনগুলোর নেতৃবৃন্দরা একাত্মতা ঘোষণা করেছেন বলে জানিয়েছেন। তিনি আগামী ২৬ তারিখে মধ্যে ১০ দফা দাবিগুলো আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় সারা দেশে আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বর ২০২১ইং তারিখের ৪৮ ঘণ্টা পণ্য পরিবহন সেক্টরে কর্মবিরতি পালন করা হবে বলে জানান।

বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি হাজি মো. তোফাজ্জল হোসেন মজুমদারের সভাপতিত্বে এসভায় বক্তব্য রাখেন  সিনিয়র সহ-সভাপতি আমির হোসেন নান্নু, সহ-সভাপতি শহিদুল্যাহ পাটওয়ারী, খবির উদ্দিন, যুগ্ম সম্পাদক হোসেন আহম্মেদ মুজমদার, নুরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর খান, কোষাধ্যক্ষ সাহেবউল্যাহ প্রচার সম্পাদক হাজি মো. শাহজাহান, ক্রীড়া সম্পাদক নান্নু পাটওয়ারী, নির্বাহী সদস্য আঃ রহিম, ওমর ফারুক, এম জাহান কবির শিপু প্রমুখ। —সংবাদ বিজ্ঞপ্তি