সড়কে ঝরল ১০ প্রাণ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৮

কুমিল্লার মনোহরগঞ্জে নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় সিএনজি অটোরিকশায় থাকা তিন যাত্রী নিহত হয়েছে। সিলেটে পিকআপের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দাদা-নাতি নিহত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে নারীসহ দুই জন নিহত হয়েছে। এছাড়া গাজীপুরের শ্রীপুর, নরসিংদীর পলাশ এবং চট্টগ্রামে এক জন করে নিহত হয়েছেন। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

মনোহরগঞ্জ (কুমিল্লা) : মনোহরগঞ্জে বাসচাপায় তিন যাত্রী নিহত ও চার জন আহত হয়েছে। আহত চার যাত্রীকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলাস্থ নাথেরপেটুয়া পুরান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন লাকসাম উপজেলার পোলাইয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে মো. রাফি (২৩), চাটখিল উপজেলার সুন্দরপুর গ্রামের আবুল খায়েরের ছেলে মো. নুর হোসেন (৪০) ও সোনাইমুড়ী উপজেলার পাচতুপা গ্রামের জালাল আহমেদের ছেলে সিএনজিচালক মো. শাহাদাত হোসেন (৩৫)।

প্রত্যক্ষদর্শী ও নাথেরপেটুয়া ফাঁড়ি পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী হিমাচল এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরকে ধাক্কা দেয়, ২০ গজ সামনে গিয়ে বাসটি একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। সবশেষে একটি বৈদ্যুতিক পিলারে ধাক্কা দিয়ে পরে নাথেরপেটুয়া বাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় থাকা ছয় জন যাত্রীর মধ্যে তিন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। লাকসাম ক্রসিং হাইওয়ে থানা পুলিশ ইনচার্জ মাকসুদ আহমেদ জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাস ও  সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।            সিলেট অফিস :সিলেটের গোলাপগঞ্জে প্রাইভেট কার ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দাদা-নাতি নিহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত হয়েছেন চার জন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের ফাজিলপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন বিয়ানীবাজার উপজেলার জলঢুপ পাথনুশপাড়া গ্রামের সফিক উদ্দিন (৭০) ও তার নাতি আরিয়ান (১)। আহতরা হলেন জলঢুপ গ্রামের পাথনুশপাড়া গ্রামের হুছনা (৫৫), ফাতেমা আক্তার পপি (৩০), তামান্না (২৫) ও নাসির উদ্দীন (২৫)। তারা সবাই প্রাইভেট কারের যাত্রী। গোলাপগঞ্জ মডেল থানার এসআই লুত্ফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাটে বাজারের বাঁশপট্টিতে সড়ক দুর্ঘটনায় এক  নারীসহ  দুই জন নিহত ও তিন জন আহত হয়েছে। নিহতরা হলেন উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে হারুন আলী (২২) ও একই ইউনিয়নের সন্ন্যাসী চনকাপাড়া গ্রামের মাওয়ালা আবু সাইয়েদের স্ত্রী নুরন্নাহার বেগম রেনু (৫৩)। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আসাদুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে বাঁশপট্টিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে শিবগঞ্জগামী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও তিন জন আহত হয়।

শ্রীপুর (গাজীপুর) :শ্রীপুরে শনিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আশপাডা মোড় এলাকায় ড্রাম ট্রাকের চাপায় জহিরুল ইসলাম (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত জহিরুল উপজেলার মাওনা ইউনিয়নের ইন্দ্রবপু গ্রামের হাফেজ মো. আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষকতা করতেন। মাওনা হাইওয়ে থানার সেকেন্ড অফিসার হাদিউল ইসলাম জানান, নিহত জহিরুল ইসলাম শনিবার দুপুরে মাওনা চৌরাস্তা এলাকা থেকে মোটরসাইকেল যোগে ইন্দ্রপুরের দিকে যাচ্ছিলেন। মাওনা হাইওয়ে থানা পুলিশ ড্রাম ট্রাকটিকে আটক করেছে। মামলার প্রস্তুতি চলছে।

পলাশ (নরসিংদী) : পলাশে ব্রিজ নির্মাণ কাজে ব্যবহূত একটি ট্রাক্টর (ট্রলি) চাপায় রোবায়েত হোসেন সিনহা নামের পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। শনিবার বিকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের রামপুর গ্রামের পাশে হাঁড়িধোয়া নদীতে নির্মাণাধীন একটি ব্রিজের কাজে ব্যবহূত ট্রলিচাপায় ঐ শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় ট্রলিচালক মনির ইসলামকে আটক করেছে পুলিশ। ট্রাকের নিচে চাপা পড়ার পর স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে জানান।

চট্টগ্রাম অফিস : নগরীর জিইসির মোড়ে ফ্লাইওভারের ওপর ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম জনি আক্তার (৩৮)। গতকাল শনিবার এ ঘটনা ঘটে। ঝিনাইদহ জেলার মৃত হোসেন বিশ্বাসের ছেলে জনি। তিনি পিসিএস নামে ক্ষুদ্র ঋণভিত্তিক একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি করতেন। চকবাজার থানার উপ-পরিদর্শক রাজিব পাল জানান, ঘটনার পর ট্রাকচালক ও হেলপার পালিয়ে যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।