ভারতপ্রশান্ত মহাসাগরে হস্তক্ষেপের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি শি জিনপিংয়ের

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৮

ভারত-প্রশান্ত মহাসাগরে বাইরের হস্তক্ষেপের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শুক্রবার সাংহাই কো-অপারেশন অরগানাইজেশনের এক সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন। তিনি এই অঞ্চলের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। খবর আলজাজিরার

অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক পরমাণু সাবমেরিন কিনছে। অস্ট্রেলিয়া পানি ও আকাশপথ চীনের কবল থেকে রক্ষা করে আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছে চীন এবং ফ্রান্স। শি জিনপিং সাংহাই কো-অপারেশন অরগানাইজেশনভুক্ত (এসসিও) দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের উদ্দেশে বলেন, এই অঞ্চলে যে কোনো অজুহাতে বাইরের হস্তক্ষেপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে এবং ভবিষ্যতে দেশের উন্নয়ন             এবং উন্নতির ধারা বজায় রাখতে ও তা নিজের হাতে রাখতে হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে অস্ট্রেলিয়া একটি নিরাপত্তা জোট করেছে। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য অস্ট্রেলিয়াকে পরমাণু চালিত সাবমেরিন নির্মাণের প্রযুক্তি দিয়ে সহযোগিতা করবে। আর এটিকে বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে একটি উদ্যোগ বলেই মনে করা হচ্ছে। ঐ অঞ্চলে বহু বছর ধরেই সংকট বিরাজ করছে এবং এর জের ধরে উত্তেজনাও রয়েছে তুঙ্গে।