লক্ষ্মীপুরের রামগঞ্জে এক মাদ্রাসা ছাত্রের পায়ে শিকল পরিয়ে নানাভাবে তাকে নির্যাতনের ঘটনায় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম ও সহকারী শিক্ষক মো. আশেক এলাহী তারেককে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ। শনিবার ভোরে তাদের গ্রেফতার করে লক্ষ্মীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত আশিকুর রহমান তারেক লক্ষ্মীপুর সদর উপজেলার শ্যামগঞ্জ গ্রামের দেওয়ান বাড়ির নুরুল আমিনের ছেলে ও প্রধান শিক্ষক শহীদুল ইসলাম রায়পুর উপজেলার এনায়েতপুর গ্রামের কাঠ ব্যবসায়ী ফজলুল করিমের ছেলে। সূত্র জানায়, প্রধান শিক্ষক শহীদুল গত ১১ সেপ্টেম্বর মাদ্রাসার ছাত্র আরমানের পায়ে শিকল পরিয়ে সপ্তাহব্যাপী তার ওপর অমানবিক নির্যাতন চালান। এছাড়াও একই বিভাগের শিক্ষার্থী জাহিদ হোসেনকে দিয়ে শহীদুল তার শরীর টেপায়, সেই সঙ্গে নির্যাতনও করে।
নির্যাতিত শিক্ষার্থী মো. আরমান হোসেনের নানী পারভিন আক্তার জানান, আরবি পড়ার জন্য আমার নাতি আরমান হোসেনকে মাদ্রাসায় দিয়েছি। সেখানে যে শিকল পরিয়ে এমন নির্যাতনের ঘটনা ঘটে তা আমরা জানতাম না। মাদ্রাসার একজন গোপনে নির্যাতনের দৃশ্য ভিডিও করায় আমরা তা দেখে নাতিকে জিজ্ঞাসা করলে গতকাল রাতে সব কথা জানতে পারি। তার পায়ে শিকলের দাগ এখনো আছে। এ ব্যাপারে থানায় মামলা করেছি। এমন অমানবিক ঘটনার সঙ্গে জড়িত শিক্ষকদের বিচার দাবি করছি। রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, অভিযুক্ত প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম ও সহকারী শিক্ষক মো. আশেক এলাহী তারেককে গ্রেফতার করে লক্ষ্মীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
