ভোট ডাকাতির চেয়ে বড় জঙ্গি নেই -----জাফরুল্লাহ চৌধুরী

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ০০:২০

 ‘গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ভোট ডাকাতির চেয়ে বড় জঙ্গি কে? ভোট ডাকাতির চেয়ে বড় জঙ্গি নেই। যাদের দাড়ি আছে, টুপি পরে তাদের জঙ্গি বলি; এটা অন্যায়, ভাঁওতাবাজি। এই ভাঁওতাবাজি বন্ধের জন্য আমাদের বুদ্ধিমান হতে হবে।’ গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ আয়োজিত ‘সন্ত্রাস ও উগ্রবাদ নয় :সম্প্রীতি, ইনসাফ ও সহনশীলতাই ইসলাম’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। 

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ন্যায় প্রতিষ্ঠা প্রক্রিয়ার নামই জিহাদ। মানুষের ওপর অত্যাচারের প্রতিবাদে ইসলাম একটি বিজ্ঞানসম্মত ধর্ম। অর্ধমের বিরুদ্ধে সংগ্রামই জিহাদ। অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামই জিহাদ। অধিকারবঞ্চিত মানুষের ন্যায়ের অধিকার প্রতিষ্ঠা করাই জিহাদ। জিহাদ বললে আমাদের লজ্জা পাওয়ার কিছু নেই। ভাবতে হবে, আমি ন্যায়ের পক্ষে আছি।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল গণতন্ত্র, সাম্য ও জনগণের অধিকার। মুক্তিযুদ্ধে সবাই ন্যায়ের কথা বলেছি। আজ মুক্তিযুদ্ধের আদর্শ ভূলুণ্ঠিত, সেজন্য সংগ্রামে যেতে হবে।’ ডা. জাফরুল্লাহ বলেন, ‘আমি নামাজ পড়ি না বলে আমাকে মুরতাদ বলার অধিকার আপনাদের নেই। এটা আল্লাহ সিদ্ধান্ত নেবেন। নামাজ পড়ি না বলে আমাকে বেত মারার অধিকার আপনার নেই, আল্লাহ বিচার করবেন। আজকে আলেমদের নামে কেন বলত্কারের অভিযোগ আসবে? আপনারা ছোট দোষ করলেও সেটি বড়, এটা মনে রাখবেন।’ সাইয়েদ কামাল উদ্দিন জাফরীর সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, ড. এনায়েতুল্লাহ আব্বাসী, মাহমুদুল হাসান ফেরদৌস, মুফতি এ কে এম ফারুক সিদ্দিকী প্রমুখ।