জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা জরুরি

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ০০:৩০

অনিয়ন্ত্রিত মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার কারণে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্য। জনস্বাস্থ্য ও পরিবেশে বিপর্যয় রোধে একটি কার্যকর মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। গতকাল শনিবার সকালে জাতীয় জাদুঘরের সামনে ‘নামসর্বস্ব মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নয়; মেডিক্যাল বর্জ্যের কার্যকর ব্যবস্থাপনা চাই’—দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তারা একথা বলেন। পরিবেশবাদী সংগঠন ‘পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), নাসফসহ ১৩টি সংগঠন’ যৌথভাবে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।  

মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকার বিভিন্ন হাসপাতালের বর্জ্য রাজধানীর চার পাশের নদীসহ হাসপাতালগুলোর সামনের খোলা ডাস্টবিন কিংবা নর্দমায় ফেলা হচ্ছে। রাজধানীর মেডিক্যাল বর্জ্যের ব্যবস্থাপনার এই চিত্র থেকেই সারা দেশের অবস্থা সহজেই অনুমেয়। মেডিক্যাল বর্জ্য হিসেবে পরিচিত সুঁচ, সিরিঞ্জ, রক্ত ও পুঁজযুক্ত তুলা, গজ, ব্যান্ডেজ, মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ, টিউমার, ওষুধের শিশি, রক্তের ব্যাগ, স্যালাইনের ব্যাগ, মেয়াদোত্তীর্ণ ওষুধ, ক্ষতিকর রাসায়নিক দ্রব্যাদি পয়ঃনিষ্কাশন লাইনে পানির পাইপের সংমিশ্রণেও সংক্রামক রোগের ব্যাপক বিস্তার হয়। এগুলোর মাধ্যমে রোগের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে।

বক্তারা বলেন, স্বাস্থ্য শিক্ষার সব শাখায় বিশেষ করে এমবিবিএস, নার্স এবং মিডওয়াইফ কারিকুলামে মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি অন্তর্ভুক্ত করা ও হাসপাতালে নিয়োজিত স্বাস্থ্য কর্মীদের নিয়মিতভাবে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্য বাজেটে বিষয়টিকে গুরুত্ব দিয়ে মেডিক্যাল বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা ২০০৮ সংশোধন করতে হবে।

পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সোবহানের সভাপতিত্বে পবার সম্পাদক এম এ ওয়াহেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পবার চেয়ারম্যান আবু নাসের খান, নাসফের সাধারণ সম্পাদক মো. তৈয়ব আলী, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম সিদ্দিক আলী, সহসভাপতি অলিভা পারভীন, গ্রাম বাংলা উন্নয়ন কমিটির নির্বাহী পরিচালক এ কে এম মাকসুদ, পুরান ঢাকা নাগরিক উদ্যোগের সভাপতি নাজিম উদ্দীন, বিডিক্লিকের সভাপতি আমিনুল ইসলাম টুব্বুস, পরিবেশ উন্নয়ন সোসাইটির সদস্য সচিব মেনন চৌধুরী, ঢাকা যুব ফাউন্ডেশনের মুখপাত্র মো. ইমরান হোসাইন প্রমুখ।