মঙ্গলবার থেকে আবারো ধারাবাহিক বৈঠক করবে বিএনপি

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ০০:৩২

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও সরকারবিরোধী আন্দোলনে দলীয় কর্মপন্থা ঠিক করতে আগামী মঙ্গলবার থেকে দলের নেতাদের সঙ্গে আবারও ধারাবাহিক বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি হাইকমান্ড । এই বৈঠকগুলোতে দলের নির্বাহী কমিটির সদস্য ও সাংগঠনিক জেলা শাখার সভাপতি অথবা আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক অথবা সদস্য সচিবদের মতামত নেওয়া হবে। আগামী ২১,২২ ও ২৩ সেপ্টেম্বর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার  দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়ছে বলে জানা গেছে।

গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় গত ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত টানা তিন দিন জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সম্পাদক ও সহসম্পাদক এবং চেয়ারপারসনের উপদেষ্টাদের মতামত নেয় দলের নীতিনির্ধারণী ফোরাম। তিন দিনের ধারাবাহিক বৈঠকে মোট ২৮৬ জননেতা উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ১১৮ জন নেতা বক্তব্য দেন। জাতীয় নির্বাহী কমিটির বৈঠকেও এই কর্মপন্থা নিয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  সাংগঠনিক ৮১ জেলার পূর্ণাঙ্গ কমিটি হলে সভাপতি ও সাধারণ সম্পাদক, আহ্বায়ক কমিটি হলে আহ্বায়ক ও সদস্য সচিবদের মতামত নেওয়া হবে। এরই মধ্যে যারা সিরিজ বৈঠকে অংশ নিয়ছেন তাদের আমন্ত্রণ জানানো হবে না।

চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, আজ বিকাল ৩ টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করবেন।

এদিকে, গত শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিন দিনের সিরিজ বৈঠকের বিস্তারিত অবহিত করেছেন বেগম খালেদা জিয়াকে।