নামিদামি ব্র্যান্ডের নকল ওষুধ বিক্রি

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ০০:৪৩

বিশেষ প্রতিনিধি

ফার্মেসিতে থরে থরে সাজানো জীবন রক্ষাকারী ওষুধ, জন্মনিরোধক আই-পিল, যৌন উত্তেজক ওষুধ, ভারতীয় মুভ, বেটনোভেট এন ক্রিম, ওমিপ্রাজল দেশি-বিদেশি বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের ওষুধ ও ক্রিম। কিন্তু এসব ওষুধের সবই নকল। অসুস্থ কোনো ব্যক্তি এসব নকল ওষুধ সেবনের পর সুস্থ হওয়ার বিপরীতে জীবনহানির আশঙ্কায় পড়েন। এ ধরনের একটি চক্র কিছু ফার্মেসিতে নকল ওষুধ বিক্রি করে। অতিরিক্ত লাভের আশায় ফার্মেসি মালিকরাও এসব ওষুধ কিনছেন এবং বিক্রি করছেন। গতকাল শনিবার নকল ওষুধ বিক্রির অভিযোগে রাজধানীর পুরান ঢাকার বাবুবাজার সুরেশ্বরী এলাকার তিন ফার্মেসি ও তাদের গোডাউন থেকে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দসহ তিন জনকে  গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।  গ্রেফতারকৃতরা হলো—মেডিসিন ওয়ার্ল্ড ফার্মেসির ফয়সাল আহমেদ, লোকনাথ ড্রাগের সুমন চন্দ্র মল্লিক ও রাফসান ফার্মেসির মো. লিটন গাজী। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. সাইফুর রহমান আজাদ।

তিনি বলেন, ওষুধ প্রশাসনের এ টি এম কিবরিয়াা খান ও মো. মওদুদ আহমেদসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিম এ অভিযান পরিচালনা করে। দীর্ঘদিন ধরে জীবন রক্ষাকারী ওষুধ, জন্মনিরোধক আই-পিল, যৌন উত্তেজক ওষুধ, ভারতীয় মুভ, বেটনোভেট এন ক্রিম, ওমিপ্রাজল দেশি-বিদেশি বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের ওষুধ ও ক্রিম বিক্রি করছিল ফার্মেসিগুলো। কিন্তু এসব ওষুধের সবই ছিল নকল।