বিশ্ববিদ্যালয় রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সুপারিশ ও একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলছে। অন্তত এক ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র থাকা সাপেক্ষে ঐদিন সকাল ৮টা থেকে স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের হলে তোলা হবে। শনিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট হল খুলে দেওয়ার সিদ্ধান্তে চূড়ান্ত অনুমোদন দেয়। পাশাপাশি অছাত্রদের হলে ওঠা ঠেকানো ও অন্তত এক ডোজ টিকা নেওয়ার বিষয়টি নিশ্চিতে নজরদারি জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এ সভায় উপাচার্য মো. আখতারুজ্জামান সভাপতিত্ব করেন।
সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, সিন্ডিকেট প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি ও একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। অন্তত এক ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র থাকা সাপেক্ষে ২৬ সেপ্টেম্বর থেকে স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও সেমিনার গ্রন্থাগারগুলো সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। একই শর্তে এই দুই শ্রেণির শিক্ষার্থীদের আগামী ৫ অক্টোবর সকাল ৮টা থেকে হলে তোলা হবে।
