আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বড়লেখায় বিক্ষোভ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৯

উপজেলা পরিষদ নির্বাচন

বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা 

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দরের মনোনয়ন বাতিলের দাবিতে রবিবার বিক্ষোভ হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার মনোনয়ন বাতিল এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে ছাত্রলীগের উদ্যোগে এ বিক্ষোভ হয়। বড়লেখা পৌরশহরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীরা অংশ নেন। বিক্ষোভ মিছিল শেষে পৌরশহরের ডাকবাংলো প্রাঙ্গণে এক পথসভা হয়। এতে বক্তব্য রাখেন, মনোনয়ন বঞ্চিত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানিমুল ইসলাম তানিম, সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ প্রমুখ। এ সময় রফিকুল ইসলাম সুন্দরের মনোনয়ন আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাতিল এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদকে মনোনয়ন দেওয়ার দাবি জানান উপজেলা ছাত্রলীগের সভাপতি তানিমুল ইসলাম তানিম ও সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ।