বরিশাল অফিস
বরিশাল নগরীর খালগুলো পুনরুদ্ধার ও সংস্কারের দাবিতে রবিবার সকালে পদযাত্রা এবং অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সকাল ১০টায় নগরীর নাজিরপুল এলাকায় নদী, খাল, পরিবেশ-প্রতিবেশ সুরক্ষা সম্মিলিত পর্যদ বরিশাল এর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র সমন্বয়কারী রফিকুল আলম, পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র সমন্বয়কারী লিংকন বায়েন, উন্নয়ন সংগঠক রনজিত দত্ত, সাংস্কৃতিক সংগঠনের সুভংকর চক্রবর্তী, সবুজ আন্দোলনের কাজী মিজানুর রহমান ফিরোজ প্রমুখ। বক্তারা বলেন, নগরীর খালগুলোর সিএস ম্যাপ ধরে সীমানা নির্ধারণসমূহ স্থায়ী পিলার স্থাপন করতে হবে। খালের সীমানায় অবৈধ দখলকারীদের তালিকা প্রকাশ করে অবৈধ স্থাপনাগুলো অবিলম্বে উচ্ছেদ করতে হবে। নদীর মোহনার সঙ্গে খালগুলোর উত্সমুখ ও পতনমুখের পলি অপসারণ করে খালের পানি প্রবাহ নিশ্চিত করতে হবে। এছাড়া খালগুলোর উপর সব ধরনের লো-কাস্ট অবকাঠামো অপসারণ করে নতুন পরিকল্পনার আওতায় আনতে হবে। অবস্থান কর্মসূচিতে সহযোগিতায় ছিল অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) ও রিচ টু আনরিচড (রান)।
