পানির নিচে রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৭

কাপ্তাই লেকে পানি বেড়েছে

রাঙ্গামাটি প্রতিনিধি

গত দুই দিনের ভারী বর্ষণে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা হঠাত্ বেড়ে যাওয়ায় রাঙ্গামাটির পর্যটনের ঝুলন্ত ব্রিজ পানিতে তলিয়ে গেছে। রাঙ্গামাটি পর্যটন করপোরেশনের কর্মকর্তা মো. সোহেল জানান, কাপ্তাই হ্রদের পানি বেড়ে ঝুলন্ত ব্রিজ ডুবে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এই কারণে পর্যটকদের জন্য রবিবার সকাল থেকে এই ব্রিজ দিয়ে পারাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

গত এক সপ্তাহ ধরে উজান থেকে পাহাড়ি ঢল নামার ফলে কাপ্তাই লেকের পানির উচ্চতা দ্রুত বাড়ছে। ইতিমধ্যে পানির নিচে চলে গেছে ঝুলন্ত ব্রিজটি। ফলে সেতু দিয়ে পারাপার বন্ধ করা হয়েছে। আশির দশকে সরকার রাঙ্গামাটি পার্বত্য জেলাকে পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করে। পরে পর্যটন কর্পোরেশন পর্যটকদের পারাপারের সুবিধায় দুটি পাহাড়ের মাঝখানে তৈরি করে রাঙ্গামাটির আকর্ষণীয় ঝুলন্ত ব্রিজটি। গতকাল বেলা ৩টার দিকে পর্যটন কমপ্লেক্সের ঝুলন্ত সেতুতে গিয়ে দেখা যায়, ঝুলন্ত সেতুতে কচুরিপানা ও বাঁশ-গাছের গুঁড়ি আটকে রয়েছে। ঝুলন্ত সেতুর ফটকে পর্যটকদের যাওয়ার নিষেধাজ্ঞা জারির সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত আট দিন ধরে রাঙামাটিতে টানা বৃষ্টি হয়। এতে কাপ্তাই লেকের পানি ধীরে ধীরে বাড়তে থাকে। গত সোমবার থেকে কর্ণফুলী, কাচালং মাইনী, চেঙ্গী নদীসহ বেশ কিছু ছড়ার পানি কাপ্তাই লেকে এসে পড়ে। এতে জেলা শহরের বিভিন্ন স্থানসহ বিভিন্ন উপজেলায় শত শত বাড়িঘর পানিতে তলিয়ে যায়। এ ছাড়া রাঙামাটির একমাত্র আকর্ষণ ঝুলন্ত সেতু তলিয়ে যায়। গতকাল মঙ্গলবার সকাল থেকে পানি বাড়তে থাকলে আজ বুধবার দেড় থেকে দুই ফুট ডুবে যায়। এরপর রাঙামাটি পর্যটন কমপ্লেক্স কর্তৃপক্ষ পর্যটকদের ঝুলন্ত সেতুতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে।

 দেশে-বিদেশে ঝুলন্ত ব্রিজটির ব্যাপক পরিচিতি রয়েছে। প্রতি বছর পর্যটন মৌসুমে রাঙ্গামাটির দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতুটি উপভোগ করতে রাঙ্গামাটিতে আগমন ঘটে প্রচুর পর্যটকের। প্রতি বছর বর্ষা মৌসুমে ঝুলন্ত ব্রিজটি কাপ্তাই লেকের পানিতে তলিয়ে যায়। কিন্তু ঝুলন্ত ব্রিজটি পানিতে তলিয়ে যাওয়ার এই সমস্যার স্থায়ী কোনো সমাধান করা হয়নি।

কাপ্তাই জলবিদ্যুেকন্দ্র সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিতে কাপ্তাই লেকের পানি অস্বাভাবিক বেড়েছে। পানি বেড়ে যাওয়ায় কাপ্তাই বাঁধ ঝুঁকিমুক্ত করতে ইতিমধ্যে ১৬টি দরজাই খুলে দেওয়া হয়েছে। বৃষ্টি হওয়ায় কাপ্তাই লেক এখন কানায় কানায় পূর্ণ।