খুলনা অফিস
প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে খুলনা বিভাগের তিন জেলার ১০ ইউপিতে আজ সোমবার প্রথম বারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার সাতটি উপজেলার ৯৫টি কেন্দ্রে এ ভোটগ্রহণ হচ্ছে। খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী জানান, খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের ১০টি ভোট কেন্দ্রে, দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের নয় কেন্দ্রে, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের ৯টি কেন্দ্রে, রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের ৯টি কেন্দ্রে, মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের ৯টি কেন্দ্রে, সোনাইলতলা ইউনিয়নের ৯টি কেন্দ্রে, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ৯টি কেন্দ্রে এবং তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ৯টি কেন্দ্রে, তালা ইউনিয়নের ১১টি কেন্দ্রে ও খলিলনগর ইউনিয়নের ১১টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ হবে। খুলনার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম বলেন, খুলনার ৩৪টি ইউনিয়ন পরিষদে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে জেলার দুই ইউপিতে ভোট হচ্ছে ইভিএমে।
