সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা
সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের বৃহস্পতিপুর গ্রামে সবজির মাঠে গভীর নলকূপ স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন কৃষকরা। রবিবার দুপুরে বৃহস্পতিপুর কবরস্থান মাঠে সবজির জমিতে দাঁড়িয়ে বিক্ষোভ করেন ঐ মাঠের কৃষক ও শ্যালো মেশিন মালিকরা।
শ্যালো মেশিনের মালিক ওয়াজ উদ্দিন, হজরত আলী, আশরাফ আলী ও জয়নাল আবেদীন জানান, স্ক্রিম চালিয়ে ধানসহ বিভিন্ন ফসলের চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছি। ফিতার মাধ্যমে ধান ও সবজিতে পানি সরবরাহ করে থাকি। এখানে গভীর নলকূপ স্থাপন করা হলে আমরা কর্মহীন হয়ে পড়ব। কৃষক রাজ্জাক, আ. খালেক, ফরিদ হোসেন, আয়নাল হোসেনসহ অনেকে জানান, এ মাঠে আমরা ধান, পাট, পেঁয়াজ, রসুন, পটল, বেগুন, লাউ, শিম, ধুন্দুল, মরিচসহ বিভিন্ন সবজির আবাদ করি। গভীর নলকূপ স্থাপন করা হলে শুধু ধানের আবাদ ছাড়া সবজির আবাদ করতে পারব না। এতে প্রতি বছর লাখ লাখ টাকার সবজি থেকে আমরা বঞ্চিত হব। সাঁথিয়া উপজেলা বিএডিসি উপসহকারী প্রকৌশলী এলিজা খাতুন জানান, আমরা কৃষকদের আবেদন পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ জানান, সংশ্লিষ্ট দপ্তর তদন্তপূর্বক জনগণের সুবিধা হয় এমন পদক্ষেপ নেবে।
