অবশেষে দর্শনা চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী যাতায়াত শুরু

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৯

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

মহামারি করোনার কারণে দেড় বছর পর রবিবার থেকে দর্শনা আন্তর্জাতিক স্থল চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের পাসপোর্ট যাত্রীরা যাতায়াত শুরু করেছে। দর্শনা ইমিগ্রেশন ওসি মো. আব্দুল আলীম জানান, করোনা মহামারির কারণে ২০২০ সালের ২৬ মার্চ দর্শনা চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী যাতায়াত বন্ধ হয়ে যায়। এ বছরে উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকের পর গত ১৭ মে থেকে পাসপোর্ট যাত্রী যাতায়াত করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু ভারতের গেদে চেকপোস্টে মেডিক্যাল বুথ না থাকায় ভারতগামী কোনো যাত্রী তারা নিতে পারেননি। শুধু ভারত থেকে দর্শনা চেকপোস্টের মাধ্যমে পাসপোর্ট যাত্রীরা বাংলাদেশে এসেছে। রবিবার থেকে উভয় দেশের মধ্যে যাতায়াত শুরু হয়েছে।

দর্শনা বিজিবি চেকপোস্ট টহল কমান্ডার সুবেদার আঙ্গুর মিয়া জানান, সকালে বাংলাদেশগামী পাসপোর্ট যাত্রীদের প্রবেশানুমতি থাকলেও ভারতফেরত পাসপোর্ট যাত্রীদের প্রবেশানুমতি না পাওয়ায় যাতায়াত সাময়িক বন্ধ থাকে। অবশেষে দুপুর দেড়টার পর অনুমতি সাপেক্ষে উভয় দেশের মধ্যে যাতায়াত শুরু হয়।