ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পুখুরিয়া নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় সহকারী প্রকৌশলী কামরুল আহসানের (৪০) মৃত্যু হয়েছে। রবিবার সকালে তিনি মোটরসাইকেল চালিয়ে ফরিদপুরের বাসা থেকে ভাঙ্গায় কর্মস্থলে রওনা দেন। পুখুরিয়ায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে তার শরীরের অনেক অংশ রাস্তার সঙ্গে থেঁতলে যায়। স্থানীয় জনতা উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজে নেওয়ার পথে মারা যান তিনি। সহকারী প্রকৌশলী কামরুল আহসানের মৃত্যুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিনসহ ভাঙ্গা উপজেলা প্রশাসন শোক প্রকাশ করেছে। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক জানান, নিহতের লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে।
