অবশেষে সঙ্গী পেতে যাচ্ছে ‘নীলগাই’

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪০

দিনাজপুর অফিস

দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানের মিনি চিড়িয়াখানায় টানা পাঁচ মাস একাকিত্ব সময় কাটানোর পর অবশেষে সঙ্গী পেতে যাচ্ছে ‘নীলগাই’ নামে বিরল প্রজাতির সেই প্রাণী। তবে সুখের বিষয় হলো নারী প্রাণীটি একমাত্র সঙ্গী হিসেবে পেতে যাচ্ছে তারই প্রজাতির এক পুরুষকে। শনিবার রাজশাহী থেকে পুরুষ নীলগাইটি দিনাজপুরে এসে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে বন বিভাগ।

দিনাজপুর সামাজিক বন বিভাগের কর্মকর্তা ও রামসাগর জাতীয় উদ্যানের তত্ত্বাবধায়ক আব্দুস সালাম তুহিন জানান, গত বছরের ৪ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের যদুয়ার গ্রামের পাশে বাংলাদেশ-ভারত সীমানায় বয়ে যাওয়া কুলিক নদীর ধারে বাংলাদেশের বিলুপ্ত নীলগাই নামে এ প্রাণীকে দেখতে পায় স্থানীয় জেলেরা। এ সময় গ্রামবাসীর হামলায় আহত হয় এটি। বিষয়টি স্থানীয় প্রশাসন জানার পর বন বিভাগের কর্মকর্তাদের সহযোগিতায় এটিকে উদ্ধার করে দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যানে আনা হয়। রামসাগর জাতীয় উদ্যানের মিনি চিড়িয়াখানায় চিকিত্সা দিয়ে সুস্থ করে তোলা হয় প্রাণীটিকে। সেই থেকে পাঁচ মাস ধরে রামসাগরের মিনি চিড়িয়াখানায় একাকীত্ব সময় পার করছিল নারী নীলগাইটি।

এ দিকে গত ২২ জানুয়ারি নওগাঁর মান্দা উপজেলার জোতবাজার এলাকায় ধরা পড়ে আরেকটি ‘নীলগাই’ এবং এটি পুরুষ। তাই প্রজননের উদ্দেশ্যে রাজশাহী থেকে পুরুষ নীল গাইটি দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানের রাখা নারী নীলগাইয়ের কাছে নেওয়ার সিদ্ধান্ত হয়।