ইত্তেফাক রিপোর্ট
দেশে প্রতি বছর মৌসুমের শেষের দিকে সেপ্টেম্বর-অক্টোবর থেকে পেঁয়াজের দাম বাড়তির দিকে থাকে। তাই বাজার নিয়ন্ত্রণে এবার আগেভাগেই সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পেঁয়াজ বিক্রি শুরু করেছে। গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ২০২১-২২ অর্থবছরের তৃতীয় কিস্তিতে ভ্রাম্যমাণ ট্রাকে গতকাল রবিবার থেকে অন্যান্য নিত্যপণ্যের সঙ্গে পেঁয়াজ বিক্রিও শুরু করেছে সরকারের এ বিপণন সংস্থাটি।
প্রতি কেজি আমদানিকৃত এই পেঁয়াজ বিক্রি করা হচ্ছে ৩০ টাকা দরে। একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন। প্রতিদিন প্রতি ট্রাকে ৩০০ থেকে ৬০০ কেজি আমদানিকৃত পেঁয়াজ বরাদ্দ দেওয়া হচ্ছে। টিসিবির গতকালের বাজারদরের প্রতিবেদন অনুযায়ী, রাজধানীর খুচরা বাজারে বর্তমানে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৪২ থেকে ৪৫ টাকা ও আমদানিকৃত পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এ হিসেবে টিসিবি বাজারদরের চেয়ে কেজিতে কমপক্ষে পাঁচ টাকা কমে বিক্রি করছে। বর্তমানে পেঁয়াজ ছাড়াও টিসিবি ভ্রাম্যমাণ ট্রাকে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করছে।
