দলবদলে হকিতে নীরবতা ভাঙল

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ২২:১৩

 প্রথম দিনে ঘর গুছিয়েছে আবাহনী n  আজ করবে মোহামেডান

স্পোর্টস রিপোর্টার

হকি খেলোয়াড়দের দলবদলের আগের দিন মোহামেডান মেরিনারের দুই পক্ষ উত্তেজনা ছড়িয়েছিল। গতকাল হকির দলবদল শুরু হয়েছে। তিনটা বছর হকিতে এমন আওয়াজ শোনা যায়নি। গতকাল হকি অঙ্গনে নীরবতা ভেঙে আবার চাঙ্গা হতে শুরু করল। ‘দক্ষিণ এশিয়ায় সেরা কোনো দল আছে। বাংলাদেশে সেরা কোনো দল আছে—আবাহনী, আবাহনী।’  লিগের বর্তমান রানার্স আপ আবাহনী স্লোগান দিতে দিতে হকি স্টেডিয়ামে প্রবেশ করেছে। খেলোয়াড়দের সঙ্গে কিছু সমর্থকও ছিল। গোলকিপার নিপ্পন, খোরশেদ, রুম্মন, খোকন, মহসীন, আরশাদ, আবসার। দলে নাম লিখিয়েছেন গোলকিপার নয়ন, সামিন (অ্যাজাক্স), শিতুল, বাবু, শিশির, নাঈম, নিলয়, মাহবুব, মিমো (মেরিনার), আবেদ (মোহামেডান)। আবাহনী ছেড়ে মোহামেডানে গেছেন জাতীয় দলের আশরাফুল ইসলাম।

আবাহনীর হকি কর্মকর্তা জাকি আহমেদ রিপন ছাড়াও কোচ মাহবুব হারুনও ছিলেন। তিনি বললেন, ‘চ্যাম্পিয়ন দল করা হয়েছে। ব্যালান্সড একটা দল হয়েছে। ঘরে ফিরেছেন একাধিক খেলোয়াড়। সব মিলিয়ে ভালো একটা দল হয়েছে।’ আবাহনীর ঘরের ছেলে মাহবুব হারুন। সব সময় তিনিই দলের কোচের দায়িত্ব পালন করেন। এবার আবাহনীর সাবেক খেলোয়াড় হেদায়েতুল ইসলাম রাজীব কোচের দায়িত্ব পালন করবেন বলে জানালেন হারুন। কেন? হারুন বললেন, ‘তরুণরাও কাজ করবেন। আমি তো আছি। উপদেষ্টা কোচ হিসাবে থাকব আমিও। রাজীব থাকবে কোচের ভূমিকায়।’ আবাহনীর পরিচালক করা হয়েছে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুকে। এই পদে দায়িত্ব পালন করেছিলেন প্রয়াত আফজালুর রহমান সিনহা।

গতকাল অন্য কোনো ক্লাব দলবদল করেনি। রাতে কমিশনে দলবদল করার কথা ছিল শাওনের। যাকে নিতে চেয়েছিল মেরিনার ইয়াংস। মোহামেডানে যোগ দিচ্ছেন শাওন। আর বাকি সব খেলোয়াড় আজ দলবদল করাবে মোহামেডান।