স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশের নারী ফুটবলাররা উপমহাদেশে যত শক্তিশালী, মধ্যপ্রাচ্যের দলগুলোর সঙ্গে সেভাবে পেরে ওঠে না। কঠিন লড়াই। মধ্যপ্রাচ্যের নারী ফুটবলারদের তুলনায় বাংলাদেশের নারী ফুটবলাররা অনেক পিছিয়ে। র্যাংকিংয়েও পিছিয়ে। এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপ পর্বের খেলায় গতকাল বাংলাদেশ মাঠে নেমেছিল। পারেনি। হার নিয়েই হোটেলে ফিরতে হয়েছে। গতকাল বিকালে উজবেকিস্তানে বাংলাদেশ ৫-০ গোলে হেরেছে জর্ডানের বিপক্ষে। বলতে গেলে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে জর্ডান। হ্যাটট্রিক করেছেন অধিনায়ক মায়সা। খেলার প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে ঝড় সামাল দিতে পারেনি সাবিনা, রূপনা চাকমা, মনিকা, কৃষ্ণা রাণী, মারিয়া, শিউলী, সাবিনা খাতুনরা। আরো তিন গোল হজম করে। বাংলাদেশের গ্রুপে তৃতীয় দল ইরান। আরো শক্তিশালী দল এটি। প্রথম ম্যাচে হেরে বাংলাদেশের বিদায় অনেকটা নিশ্চিত হয়ে গেল। ২২ সেপ্টেম্বর ইরানের বিপক্ষে শেষ ম্যাচ।
