বিএনপি বিদেশেও ষড়যন্ত্রে লিপ্ত :কাদের

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ২২:৪১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপি একদিকে যেমন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তেমনি বিদেশেও দেশের ভাবমূর্তি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। গতকাল রবিবার সকালে ওবায়দুল কাদের তার বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘করোনার মহামারির কারণে গত ১৯ মাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফর করেননি, কিন্তু জাতিসংঘের সাধারণ অধিবেশনে জাতীয় স্বার্থ বিবেচনা করে তিনি যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন।’ ওবায়দুল কাদের বলেন, ‘অধিবেশনে বিভিন্ন  দেশের নেতাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আলাপ-আলোচনার সুযোগ রয়েছে। সেই কারণেই প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত না হয়ে সরাসরি  যোগ দিচ্ছেন।’ তিনি বলেন, ‘জাতিসংঘ সভার গুরুত্ব অনুধাবন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান বিশ্ব পরিস্থিতিতে করোনা, জলবায়ু পরিবর্তন,                 রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে জাতিসংঘের বৃহত্ ফোরামে বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলার সুযোগ হাতছাড়া করতে চাননি।’ ওবায়দুল কাদের দুঃখ প্রকাশ করে বলেন, আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি, বিএনপি প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে নিউইয়র্কে শেখ হাসিনা পৌঁছার আগেই বিক্ষোভ প্রতিবাদ শুরু করছে।

অপরাজনীতির কারণে বিএনপি জনগণের আস্থা হারিয়ে ফেলেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এখন ঘরোয়া সিরিজ বৈঠক করছে। এই বৈঠক হচ্ছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করা। তিনি বলেন, ক্ষমতায় থাকাকালে নিষ্ঠুরতা আর রাজনৈতিক নিপীড়নের যে নজির স্থাপন করেছে বিএনপি, সেই রেকর্ড কেউ ভাঙতে পারবে না। শেখ হাসিনা সরকার গায়েবি মামলায় বিশ্বাসী নয়। কেউ অপরাধ করলে তাকে অপরাধী হিসেবেই দেখে।