যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলের সামনে বিক্ষোভ করেছেন ট্রাম্প সমর্থকরা। তারা ক্যাপিটল হিলে দাঙ্গার সমর্থকদের পক্ষে এই সমাবেশ করেন। সহিংসতার আশঙ্কায় শনিবার ক্যাপিটল পুলিশ ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে। বিক্ষোভকারীরা দাঙ্গার ঘটনায় করা মামলাকে রাজনৈতিক বলে উল্লেখ করেন। খবর বিবিসি ও রয়টার্সের
আয়োজকরা সাত শতাধিক মানুষের অংশগ্রহণের অনুমতি নিয়েছিল। কিন্তু মাত্র ১০০ থেকে ২০০ বিক্ষোভকারী অংশ নেন। ক্যাপিটল পুলিশ জানিয়েছে, বিক্ষোভের এলাকায় ৪০০ থেকে ৪৫০ জন মানুষ জড়ো হয়েছিলেন। তবে এর মধ্যে মিডিয়াকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল। সহিংসতা হতে পারে এই আশঙ্কায় মিডিয়াকর্মীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। ‘জাস্টিস ফর ১৬’ নামের এই বিক্ষোভে ডোনাল্ড ট্রাম্পের ২০১৬ সালের নির্বাচনি প্রচারণার তথ্য ও কৌশলগত বিষয়ের সাবেক পরিচালক ম্যাট ব্রায়ানার্ডও অংশ নেন। তিনি আমেরিকাকে সামনের দিকে নিয়ে যাওয়ার আহ্বান জানান। ক্যাপিটল গ্রাউন্ডে শত শত অফিসার টহল দেন এবং শতাধিক ন্যাশনাল গার্ড স্ট্যান্ডবাই রাখা হয়েছিল। কোনো ধরনের সহিংসতা হলে তাদের ডাকা হতো। ক্যাপিটল হিলের চারপাশে বেড়া দেওয়া হয় এবং আইনপ্রণেতাদের বিক্ষোভস্থল এড়িয়ে চলার আহ্বান জানানো হয়। বিক্ষোভ শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গায় গ্রেফতারকৃতদের রাজনৈতিক বন্দি বলে উল্লেখ করেন। দাঙ্গায় জড়িত থাকার অপরাধে প্রায় ৬০০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
