বেতাগী বাসস্ট্যান্ড যাত্রী ছাউনি না থাকায় দুর্ভোগে যাত্রীরা

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪২

বেতাগী (বরগুনা) সংবাদদাতা

বেতাগী বাসস্ট্যান্ডে কোনো যাত্রী ছাউনি না থাকায় হাজার হাজার যাত্রীকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

জানা গেছে, উপজেলা সদর থেকে প্রতিদিন জেলা শহর বরগুনা ও ঢাকা রুটে একাধিক যাত্রীবাহী বাস চলাচল করে। এছাড়া বিভাগীয় শহর বরিশাল পার্শ্ববর্তী জেলা পটুয়াখালী, পিরোজপুর ও ঝালকাঠীতে যাওয়ার টেম্পু, মোটরসাইকেল ও বেবিট্যাক্সিতে যাতায়াত করেন। এসব পরিবহনে প্রতিদিন হাজার হাজার যাত্রী আসা-যাওয়া করছে। যাত্রীদের বসার কোনো স্থান না থাকায় রোদ-বৃষ্টি উপেক্ষা করে খোলা আকাশের নিচে অপেক্ষা করতে হয় যাত্রীদের।

এ রুটে নিয়মিত যাতায়াতকারী যাত্রী মো. জাহাঙ্গীর হোসেন অভিযোগ করেন, বৃষ্টি হলে তো আর কোনো কথা নেই। এ সময় ভোগান্তির আর সীমা থাকে না।

বেতাগী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সুমা রানী হাওলাদার বলেন, সরকারি কলেজে ক্লাস করতে আমাদের নিয়মিত আসতে হয় এবং ছাত্রীদের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকাটা খুবই বিরক্তিকর অবস্থা। 

বেতাগী পৌরসভার মেয়র এবিএম গোলাম কবির জানান, বাসস্ট্যান্ডে জায়গা না পাওয়ায় যাত্রী ছাউনি নির্মাণ করা যায়নি। তবে এটি নির্মাণের পরিকল্পনা রয়েছে। জায়গা পেলে দ্রুত সময়ের মধ্যে যাত্রী ছাউনি নির্মাণ করা হবে।