১৬০ ইউপি ও ৯ পৌরসভায় আজ ভোট

ভোটের আগেই ৪৫ চেয়ারম্যান ও তিন মেয়র নির্বাচিত

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৯

আজ সোমবার প্রথম ধাপের স্থগিত ১৬০ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে তৃণমূলের এ নির্বাচনের। এছাড়া ষষ্ঠ ধাপের স্থগিত ৯ পৌরসভায় আজ ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।             করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে এ নির্বাচন হবে বলে জানিয়েছে ইসি। এদিকে কক্সবাজারের চকরিয়া পৌরসভার নির্বাচনে প্রভাব বিস্তারের ঘটনায় কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলমকে শোকজ করেছে কমিশন। ইসির সংশ্লিষ্ট সূত্র ইত্তেফাককে এ তথ্য জানিয়েছে।

ইসি জানিয়েছে, ১৬০ ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ৪৫ জন, চেয়ারম্যান পদে মোট প্রার্থী রয়েছেন ৫০০ জন। সংরক্ষিত ওয়ার্ডে প্রার্থী রয়েছেন ১ হাজার ৯৬৫ জন এবং সাধারণ ওয়ার্ডে প্রার্থী রয়েছেন ৬ হাজার ৩৩৩ জন। এদিকে ৯ পৌরসভার মধ্যে তিনটি পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন। আর বাকি পৌরসভায় মেয়র পদের লড়ায়ে রয়েছেন ২৭ জন।

এ নির্বাচন নিয়ে উত্কণ্ঠা-অজানা শঙ্কা রয়েছে ভোটার ও প্রার্থীদের মধ্যে। ভোট নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে নির্বাচনি সব এলাকায়। ভোটকেন্দ্রে যেতে ভয় পাচ্ছেন সাধারণ ভোটাররা। যদিও ইসি ভোটারদের অভয় দিয়ে নির্বিঘ্নে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে। এবারের ইউপি নির্বাচন বিএনপি প্রার্থী না দিলেও মাঠে রয়েছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাপাসহ অন্যান্য দলের প্রার্থীরা। তবে বিএনপির কিছু প্রার্থী স্বতন্ত্র হিসেবে নির্বাচনি লড়াইয়ে রয়েছেন। ইসি বলছে, নির্বাচন নির্বিঘ্ন করতে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা থাকবে নির্বাচনি এলাকায়। যেসব এলাকায় ক্ষমতাসীন দলের বিদ্রোহী প্রার্থী রয়েছেন, সেখানে ভোট নিয়ে উত্তেজনা বেশি।

এদিকে ইউনিয়ন পরিষদ (ইউপি) ও নয়টি পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। গতকাল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মলনে তিনি এ কথা বলেন। ইসি সচিব বলেন, তপশিল অনুযায়ী ১৬১টি ইউপি ভোট হওয়ার কথা থাকলেও আদালতের আদেশে মোরেলগঞ্জের নিশানবাড়িয়া ইউপি নির্বাচন স্থগিত করা হয়েছে। তাই বলে রাখি, ১৬০টিতে ভোট হবে হবে। এছাড়া ৯টি পৌরসভা এবং দুটি উপজেলার ভাইস চেয়ারম্যান পদেও ভোট হবে এই দিন।

ইসির কর্মকর্তারা বলছেন, দেশে প্রথম ধাপে ৩৭১ ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ার কথা ছিল গত ১১ এপ্রিল। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় ১ এপ্রিল তা স্থগিত করা হয়। এর মধ্যে প্রথম ধাপের ২১ জুন ২০৪টি ইউনিয়নে নির্বাচন হয়েছিল। তখন ১৬৭ ইউপির নির্বাচন স্থগিত রাখা হয়। তবে প্রার্থী মারা যাওয়ায় পাঁচটি ইউপি এবং মামলাজনিত কারণে একটি এবং দুর্যোগের কারণে সেন্টমার্টিন ইউনিয়নে আপাতত ভোট হচ্ছে না।

সেই হিসাবে খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার ও নোয়াখালীর ১৬০ ইউপি এবং ৯টি পৌরসভায় ভোট হবে আজ ২০ সেপ্টেম্বর। এছাড়া ৯টি পৌরসভার সব কটিতে এবং ১৬০ ইউপির মধ্যে ১১টিতে ইভিএমে ভোটগ্রহণ হবে।

বাগেরহাটে বিনা ভোটে ৩৮ জন চেয়ারম্যান :বাগেরহাট প্রতিনিধি জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপের বাগেরহাটের ৬৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেলার ৬৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা ভোটে ইতিমধ্যে আওয়ামী লীগ সমর্থিত ৩৮ জন প্রার্থী নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন। এছাড়া জেলার কচুয়া উপজেলার রাঢ়ীপাড়া ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতা চেয়ারম্যান ও সব ইউপি সদস্য নির্বাচিত হয়েছে। বাকি ২৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি অংশ না নেওয়ায় আওয়ামী লীগ দলীয় প্রার্থীদের আওয়ামী লীগেরই বিদ্রোহীদের সঙ্গে লড়তে হচ্ছে। দলের সিদ্ধান্ত অমান্য করে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় আওয়ামী লীগের অন্তত ২৫ নেতাকর্মীকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।