ভারতের প্রধানমন্ত্রীর আগমনের প্রতিবাদে বিক্ষোভের মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন ছাত্র ও যুব অধিকার পরিষদের ২০ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছে আদালত। গতকাল রবিবার ঢাকা মহানগর দায়েরা জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাসুদ আহমেদ তালুকদার, খাদেমুল ইসলাম প্রমুখ। শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।
মামলার বিবরণীতে জানা যায়, চলতি বছরের ২৫ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে রাজধানীর মতিঝিল এলাকায় মিছিল বের করে ছাত্র ও যুব অধিকার পরিষদ। সেখান থেকে তাদের গ্রেফতার করা হয়। করা হয় মামলা।
