বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নবনিযুক্ত ৩৭তম বিসিএস (আনসার) কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ ও এমএইচএস কোর্স সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গণসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মেহেনাজ তাবাস্সুম রেবিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাহিনীতে নবনিয়োগপ্রাপ্ত মোট সাতজন চৌকশ বিসিএস (আনসার) কর্মকর্তা দীর্ঘ ১৫ মাস কঠোর মৌলিক প্রশিক্ষণ এবং এমএইচএস কোর্স সম্পন্ন শেষে সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। রবিবার সকালে প্রধান অতিথি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, প্যারেড মাঠে আসেন। প্যারেড মাঠে আগমনের পর প্রধান অতিথিকে স্বাগত জানান বাহিনীর অতিরিক্ত মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি একটি সুসজ্জিত খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন। এ সময় প্রধান অতিথির সঙ্গে কমান্ড্যান্ট ও প্যারেড কমান্ডার উপস্থিত ছিলেন।
পরে প্রশিক্ষণার্থী কর্মকর্তারা সাত সারিতে মার্চপাস্ট করে প্রধান অতিথিকে অভিবাদন প্রদান করেন। এরপর প্রধান অতিথি প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের উদ্দেশে তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মূল চালিকাশক্তি হচ্ছে ‘প্রশিক্ষণ’।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাহিনীর মহাপরিচালক তিন জন কৃতী প্রশিক্ষণার্থী কর্মকর্তার মধ্যে পুরস্কার বিতরণ করেন। সহকারী পরিচালক নাজমুছ সালেহীন নূর শ্রেষ্ঠ ড্রিল, সহকারী পরিচালক মো. সুজন মিয়া শ্রেষ্ঠ ফায়ারার এবং সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম চৌকশ প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে এই পুরস্কার অর্জন করেন। পরে সংঘবদ্ধ মার্চপাস্টের মাধ্যমে সমাপনী কুচকাওয়াজের সমাপ্তি ঘটে।
