অভ্যুত্থানের বার্ষিকীতে থাই প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ০০:০৮

সেনা অভ্যুত্থানের বার্ষিকীতে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, সাবেক সেনা প্রধান প্রায়ুথ চান-ওচার পদত্যাগ দাবি করে দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, ১৫ বছর আগে থাইল্যান্ডের নির্বাচিত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়। দিবসটি স্মরণে শত শত মানুষ গতকাল রবিবার ব্যাংককের রাস্তায় গাড়ি চালিয়ে বিক্ষোভ করে।

২০০৬ সালে ক্ষমতাচ্যুত সিনাওয়াত্রা এখনো স্বেচ্ছা নির্বাসনে থাকলেও থাইল্যান্ডের রাজনীতিতে তিনি এখনো জনপ্রিয় ব্যক্তি। থাকসিনের দীর্ঘ দিনের সঙ্গী রাজনীতিক নাত্তাউত সাইকুয়ার বিক্ষোভকালে বলেন, ১৫ বছর পেরিয়ে গেছে। কিন্তু আমরা এখনো লড়াই করছি। কোনো ট্যাঙ্ক আমাদের লড়াই থামাতে পারবে না। এ সময় বিক্ষোভকারীরা ‘কিক আউট প্রায়ুত’ লেখা পতাকা প্রদর্শন করে। বিক্ষোভকারীরা আর্থিক মন্দা, সামাজিক ও রাজনৈতিক ধসের জন্য প্রধানমন্ত্রী প্রায়ুথের সমালোচনা করেন। ১৯৩২ সালে থাইল্যান্ডে রাজতন্ত্রের অবসানের পর থেকে বেশ কয়েক বার সামরিক অভ্যুত্থানের ঘটনা ঘটেছে। সর্বশেষ থাকসিনের বোন ইংলাক প্রধানমন্ত্রী হয়েছিলেন। ২০১৪ সালে আরেক সামরিক অভ্যুত্থানে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। তখন সেনা প্রধান ছিলেন প্রায়ুথ। ২০১৯ সালের নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। যে নির্বাচনটি হয়েছে জেনারেল প্রণীত নতুন সংবিধানের আলোকে।