রাস্তা ও ভবন নির্মাণে মানসম্পন্ন ইট সরবরাহের নির্দেশ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ০০:০৮

দেশের সব রাস্তা ও ভবন নির্মাণের ক্ষেত্রে সরবরাহ করা ইটের মানসম্পন্ন ও আকার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। গতকাল রবিবার বিকালে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, যেসব রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন ভবন নির্মাণ করা হবে এসব যদি মানসম্পন্ন অর্থাত্ টেকসই করা সম্ভব না হয় এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের। প্রয়োজনীয় নির্মাণসামগ্রী ব্যবহার করার পরও গুণগত মানের সামান্য ত্রুটির কারণে ভবন বা যেকোনো কনস্ট্রাকশন টেকসই হয় না। আমরা যদি মানসম্পন্ন ও স্ট্যান্ডার্ড সাইজের ইটসহ অন্যান্য উপাদান নিশ্চিত করতে পারি তাহলে কাজগুলো টেকসই হবে। ইটের মানসম্পন্ন ও সাইজ ঠিক না করে উত্পাদন করলে ইটভাটা মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এলজিইডির সব রাস্তা, ব্রিজ এবং অন্যান্য অবকাঠামো টেকসই করার জন্য সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে মন্ত্রী জানান, এ লক্ষ্যে ডিজাইনে পরিবর্তন আনার পাশাপাশি ব্যয়ের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে।