শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে এখনো করোনা সংক্রমণের কোনো তথ্য আসেনি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, স্কুল-কলেজ খোলার পর এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি, তাতে কোনো জায়গায় সংক্রমণ ছড়ানোর আশঙ্কা এখন পর্যন্ত মনে হয়নি। মন্ত্রী সবাইকে সচেতন হওয়ার তাগিদ দেন।
গতকাল রবিবার যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। সে সময় স্থানীয় সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু ও প্রতিষ্ঠানটির গভর্নিং বডির চেয়ারম্যান রিয়াজ উদ্দিন রিয়াজ উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা প্রতিনিয়ত বিভিন্ন স্কুল-কলেজ পরিদর্শন করছি। খবর দিয়ে যাচ্ছি, আবার অনেক প্রতিষ্ঠানে হঠাত্ করে যাচ্ছি। সবার মধ্যে একটা চেষ্টা দেখছি। যেটা দেখেছি সেটা দিয়ে আমি সন্তুষ্ট।
মন্ত্রী বলেন, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে অভিভাবকরা ভিড় করছেন। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠানের তেমন কিছু করার নেই। সেখানে অনুরোধের বিষয় আছে, জোর করার কিছু নেই। অভিভাবকদের আমি সচেতন হতে বলব। তারা অপেক্ষা করবেন, কিন্তু অপেক্ষাটা যেন স্বাস্থ্যবিধি মেনে হয়।
তিনি বলেন, এখন ৪০ মিনিট করে ৮০ মিনিট (দুটি) ক্লাস হচ্ছে। বাবা-মায়েরা ভাবছেন, শুধু দুটা ক্লাসের জন্য দূর-দূরান্ত থেকে বাচ্চারা আসছে। চারটা ক্লাস করা যায় কি না। কিন্তু চারটা ক্লাস করতে গিয়ে সমস্যা হচ্ছে, তখন খাবারের বিষয় থাকবে। এত লম্বা সময় না খেয়ে থাকতে পারবে না। তখন মাস্ক খুলতে হবে। সবাই বাড়ি থেকে খাবার আনবে। খাবার শেয়ারিং হবে। এতে রিস্ক বেড়ে যেতে পারে। এজন্য আমরা চিন্তা করছি, তিনটা ক্লাস নেওয়া যায় কি না।
