আগামী নির্বাচন, আন্দোলন ও দল পুনর্গঠন নিয়ে বিএনপির কর্মকৌশল নির্ধারণ করতে সিনিয়র নেতাদের পরে আগামীকাল মঙ্গলবার নির্বাহী সদস্য ও জেলা নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক হবে। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর এই বৈঠক হবে। শনিবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল রবিবার চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। মির্জা ফখরুল বলেন, গত ১৪, ১৫ ও ১৬ সেপ্টেম্বর দলের জাতীয় কার্যানির্বাহী কমিটির ধারাবাহিক সভায় মতবিনিময় হয়েছে। শনিবারের স্থায়ী কমিটির বৈঠকে অবশিষ্ট সদস্যদের সঙ্গে আগামী ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর মতবিনিময় সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কেন্দ্রীয় কমিটির বাইরে মাঠ পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় হবে কি না, প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, এই তিন দিনের সভায় তারাও থাকবেন। কারণ জেলার সভাপতি পদাধিকারবলে কেন্দ্রীয় কমিটির সদস্য। তারা অবশ্যই আসবেন। গত ১৪ সেপ্টেম্বর থেকে টানা তিন দিন দলের ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল, যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমণ্ডলি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক হয়। এসব বৈঠকে দেশের বর্তমান অবস্থা ও দলের করণীয় নিয়ে নেতাদের মতামত শুনেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
