ধনকুবের ইলন মাস্কের স্পেসএক্স ক্যাপসুলে করে তিন দিন মহাশূন্যে কাটানোর পর নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন চার জন সৌখিন নভোচারী। এটিই হচ্ছে বেসামরিক লোকদের দিয়ে তৈরি প্রথম নভোচারী দল যারা পৃথিবী প্রদক্ষিণ করলেন। গত বুধবার ইনস্পিরেশন-ফোর এর এই চার ক্রুর মহাশূন্য যাত্রা শুরু হয়েছিল ফ্লোরিডা থেকে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটার পর ফ্লোরিডারই উপকূলে সাগরে অবতরণ করেন তারা। টাইম ম্যাগাজিন অনুমান করছে যে এই চারটি টিকিটের দাম ছিল ২০ কোটি ডলার। এই দলের নেতা এবং মিশন কমান্ডার ছিলেন আরেক ধনকুবের জ্যারেড আইজ্যাকম্যান। আইজ্যাকম্যান নিজেই তার তিনজন সহযাত্রী নির্বাচন করেন। তারা হলেন- ভূ-বিজ্ঞানী সিয়ান প্রক্টর (৫১), হেইলি আরসেনো (২৯) যিনি ডাক্তারের সহকারি এবং ছোটবেলায় হাড়ের ক্যান্সার হলেও পরে আরোগ্য লাভ করেন এবং ক্রিস সেমব্রোস্কি (৪২) যিনি একজন এ্যারোস্পেস ডাটা ইঞ্জিনিয়ার এবং সাবেক বিমান বাহিনীর সৈনিক। —বিবিসি
