রাশিয়ার নির্বাচনে ফের জয়ের দাবি পুতিন-সমর্থিত দলের

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ২০:০৫

বিবিসি ও রয়টার্স

রাশিয়ার নির্বাচনে ফের জয়ী হওয়ার দাবি করেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসমর্থিত দল ইউনাইটেড রাশিয়া পার্টি। দলের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়েছে, তারা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখবে। তবে নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছে বিরোধীরা।

তিন দিনের নির্বাচন শেষে বেশির ভাগ ভোট গণনায় দেখা গেছে, প্রতিদ্বন্দ্বীদের চেয়ে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে দলটি। অবশ্য আগের তুলনায় তাদের জনপ্রিয়তা অনেকটা কমে গেছে। সোমবার প্রায় ৮৫ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। সেন্ট্রাল ইলেকশন কমিশন জানিয়েছে, ইউনাইটেড রাশিয়া প্রায় ৫০ শতাংশ ভোট পেয়েছে। আর তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট পার্টি পেয়েছে ২০ শতাংশের কম ভোট। ভোটের সর্বশেষ ফলাফল অনুযায়ী, পুতিনপন্থি দলের বড় জয়ের লক্ষণ দেখা গেলেও গত নির্বাচনের তুলনায় তাদের এবারের অবস্থান বেশ খারাপ। ২০১৬ সালের ঐ নির্বাচনে ৫৪ শতাংশের বেশি ভোট পেয়েছিল ইউনাইটেড রাশিয়া।

জীবনযাত্রার মানে অবনতি ও ক্রেমলিনের সমালোচক আলেক্সেই নাভালনির তোলা দুর্নীতির অভিযোগে ভোটব্যাংকে টান পড়েছে পুতিনপন্থিদের। নাভালনি-মিত্রদের পরিকল্পিত নির্বাচনি প্রচারণাতেও ক্ষতি হয়েছে বেশ। বিরোধী দলগুলোর অভিযোগ, এবারের নির্বাচনও ছিল ভুয়া। তাদের দাবি, অবাধ নির্বাচন হলে ইউনাইটেড রাশিয়ার ফলাফল আরো বেশি খারাপ হতো। নির্বাচনে তৃতীয় অবস্থানে রয়েছে ডানপন্থি এলডিপিআর। তারা ৭ দশমিক ৫৬ শতাংশ ভোট পেয়েছে। চতুর্থ অবস্থানে থাকা কেন্দ্রীয় বামপন্থি ফেয়ার রাশিয়া পেয়েছে ৭ দশমিক ৩৮ ভাগ ভোট।

রাশিয়ায় এর আগেও নির্বাচন নিয়ে বিতর্ক হয়েছে। এবারও তার বাইরে যেতে পারেনি রাশিয়া। তিন দিন ধরে চলা ভোটের বেশ কিছু ছবি এবং ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে ভোটার এবং সরকারি কর্মকর্তারা ব্যালট বাক্সে একের বেশি ভোটার স্লিপ রাখছেন।