বিজ্ঞান
হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
প্রশ্ন: বায়ু দূষণ কী? বায়ু দূষণের পাঁচটি কারণ ও ক্ষতিকর প্রভাব লিখ।
উত্তর: বায়ু দূষণ: বায়ুর উপাদানগুলোর স্বাভাবিক অনুপাতের হ্রাস-বৃদ্ধি বা পরিবেশের ক্ষতি করে এরূপ পদার্থসমূহের বায়ুতে অনুপ্রবেশকে বায়ু দূষণ বলে।
বায়ু দূষণের কারণঃ বায়ু দূষণের পাঁচটি কারণ নিম্নরূপ:
১) যান্ত্রিক যানবাহন ও কলকারখানার বিষাক্ত ধোঁয়া বায়ু দূষণের প্রধান কারণ।
২) বিভিন্ন ক্ষতিকর গ্যাস, ধূলিকণা, ধোঁয়া ও দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত হয়।
৩) ইটের ভাটায় ইট পোড়ানোর ফলে নির্গত কালো ধোঁয়া বায়ু দূষণ করে।
৪) গাছপালা ও ময়লা-আর্বজনা পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়ার মাধ্যমে বায়ু দূষিত হয়।
৫) ময়লা-আবর্জনা, মৃতদেহ যেখানে সেখানে ফেলা ও মলমূত্র ত্যাগের কারণে বায়ু দূষিত হয়।
বায়ু দূষণের প্রভাব: বায়ু দূষণের পাঁচটি ক্ষতিকর প্রভাব নিম্নরূপ:
১) বায়ুতে কার্বন ডাই-অক্সাইড ও অন্যান্য ক্ষতিকর গ্যাস বৃদ্ধি পাচ্ছে।
২) মানুষ এলার্জি, কাশি, হাঁপানি, ফুসফুসের ক্যান্সারসহ মারাত্মক রোগে আক্রান্ত হয়।
৩) পৃথিবীর তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এসিড বৃষ্টি হচ্ছে।
৪) এসিড বৃষ্টির ফলে ফসল ও গাছপালার ক্ষতি হয় এবং জীব মারা যেতে পারে।
৫) মানুষের শ্বাসকার্যে ব্যাঘাত ঘটে ও প্রাণি জগতের ক্ষতি সাধিত হয়।
প্রশ্ন: পানি দূষণ কী? পানি দূষণে পাঁচটি কারণ লিখ।
উত্তর: পানি দূষণ: পানির স্বাভাবিক বিন্যাসে পরিবেশের ক্ষতি করে এরূপ পদার্থসমূহের উপস্থিতিই পানি দূষণ।
পানি দূষণের কারণ: পানি দূষণের পাঁচটি কারণ নিম্নরূপ:
১) জমিতে ব্যবহূত রাসায়নিক সার ও কীটনাশক বৃষ্টির পানির সাথে মিশে পুকুর, খাল- বিল, নদ-নদীর পানি দূষিত হয়।
২) পুকুর বা জলাশয়ের উপর কাঁচা পায়খানা তৈরি করলে পানি দূষিত হয়।
৩) পয়:নিষ্কাশন ও কলকারখানার বর্জ্য পদার্থের মাধ্যমে পানি দূষিত হয়।
৪) বাড়ির ব্যবহূত আবর্জনা ও প্রাণির মৃতদেহ পানিতে ফেলা।
৫) কলেরা, আমাশয়, টাইফয়েড ও ডায়রিয়া রোগীর মলমূত্র, বিছানাপত্র ও জামাকাপড় পানিতে ধোয়া।
