দেড় শতাধিক শিক্ষার্থীর ভরসা দড়ি টানা নৌকা!

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ২১:০৫

এপারে উত্তর বোয়ালিয়া গ্রাম, ওপারে রত্নেশ্বর। পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের এই দুই গ্রামের বুক চিরে বয়ে গেছে বোয়ালিয়া খাল। এই খাল শিক্ষার্থীদের ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে। কারণ খালটি পার হওয়ার জন্য ডিঙি নৌকা থাকলেও নেই মাঝি। খালের দুই পাড়ে গাছের সঙ্গে শক্ত করে বাঁধা আছে প্লাস্টিকের দড়ি। স্কুলে যাওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে এই দড়ি টেনে খাল পার হতে হয় শিক্ষার্থীদের। এতে প্রায়ই ঘটে দুর্ঘটনা। 

রত্নেশ্বর গ্রামে নেই কোনো শিক্ষাপ্রতিষ্ঠান। ঐ গ্রামের দেড় শতাধিক শিক্ষার্থী পড়ালেখা করে পানপট্টি ইউনিয়নে বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়, পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়, নুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুলারাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পানপট্টি মাদরাসাসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে। শিক্ষার্থীদের দড়ি টেনে খাল পার হতে হয়। অনেক সময় দড়ি টানতে গিয়ে খালে পড়ে যায় শিক্ষার্থীরা। অতি দ্রুত এই সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।

নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা, পটুয়াখালী