সিরিজ বাতিল হওয়াটা লজ্জার :উইলিয়ামসন

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ২১:১৯

স্পোর্টস ডেস্ক

দলে না থাকলেও দলের খোঁজখবর ঠিকই রাখছিলেন নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। নিরাপত্তার কারণ দেখিয়ে কোনো ম্যাচ না খেলেই কিউইদের পাকিস্তান থেকে চলে যাওয়ার ব্যাপারে অবগত তিনিও। সিদ্ধান্তটি নিয়ে হতাশ তো বটেই, সিরিজ বাতিল হওয়াটাকে লজ্জার ব্যাপার বলে মনে করছেন এই ক্রিকেটার। কিন্তু কোনো কিছুই খেলোয়াড়দের নিরাপত্তার ঊর্ধ্বে নয়। আইপিএল খেলতে দুবাইতে থাকা উইলিয়ামসন বলেন, ‘আমি বিস্তারিত জানি না। সিদ্ধান্তটি হঠাত্ নেওয়া হয়েছিল। তবে অবশ্যই, এটি লজ্জার। পাকিস্তানে ক্রিকেট এক অসাধারণ বিষয় এবং খুব ভালো সমর্থন পায়। খেলাটির প্রতি প্রচুর আবেগ কাজ করে তাদের মধ্যে এবং আমি মনে করি, সিরিজ খেলতে না পেরে খেলোয়াড়রা হতাশ। কিন্তু আইপিএলের জন্য দুবাইতে থাকায় এর ব্যাপারে বিস্তারিত কিছু বলতে পারছি না। আগামী কয়েক দিনের ভেতর কিছু জানতে পারব। ’

২০০৯ সালে লাহোর হামলার পর নির্বাসন কাটিয়ে নিজেদের মাটিতে পুরোদম আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর পথে ছিল পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে পাঁচ টি-টোয়েন্টির সিরিজটি না হওয়ায় ধাক্কাই খেল তারা। তবে সে কারণে দেশটি আবার সেই অন্ধকার যুগে ফিরে যাবে না বলে মনে করেন উইলিয়ামসন, ‘আমি খুবই আশাবাদী যে, সেখানে এর প্রভাব পড়বে না। কারণ এটি ক্রিকেটের জন্য বিশেষ এক জায়গা। সেখানে নিরাপদে ক্রিকেট খেলার অনেক অগ্রগতি হয়েছে।’