বিলীনের হুমকিতে ব্রিজ সড়কসহ ফসলি জমি

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ২১:৩০

জামালপুরে অবৈধভাবে বালু উত্তোলন

জামালপুর প্রতিনিধি

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের হরিদ্রাটা এলাকায় বংশায় খাল থেকে অবৈধভাবে দুইটি ড্রেজার মেশিন দিয়ে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। এতে খালের দুই পাড়ে ভাঙনের সৃষ্টি হয়েছে। ভাঙন হুমকিতে পড়েছে ব্রিজ, খাল সংলগ্ন সড়ক ও ফসলি জমি। এলাকাবাসী জানায়, উপজেলার ১৪ নম্বর দিগপাইত ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমানের নেতৃত্বে দীর্ঘদিন যাবত্ খাল থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। প্রতিবাদ করতে গেলে প্রাণনাশের হুমকিসহ নানা মিথ্যা মামলায় নাজেহাল হতে হয়।

সরেজমিনে দেখা যায়, অতি সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে বংশায় খালটি পুনঃখনন করে পাড় মেরামত করে দেওয়া হয়েছে। অথচ খাল থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় প্রায় ৫০০ মিটার খালের বাঁধ ভেঙে যাচ্ছে। এ ছাড়া ছোনটিয়া পুটল গ্রামের হাজার হাজার মানুষের যাতায়াতের রাস্তায় নির্মিত ব্রিজটিসহ জামালপুর-টাঙ্গাইল মহাসড়কটি হুমকির মুখে রয়েছে। ড্রেজার মালিক আব্দুল মালেক বলেন, দিগপাইত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান ইউনিয়নের সাবেক মেম্বার জয়নাল আবেদীন হিরা ও ফরিদ এবং তার ভাগিনা শাকিবুল রহমান শাকি বালি উত্তলন করার জন্য আমার ড্রেজার ভাড়া করে নিয়ে এসেছে। তিনি আরো বলেন, বংশায় খাল থেকে ১০/১২ দিন যাবত্ ড্রেজার মেশিন দিয়ে বালু তোলে তাদের জমি ভরাট করে দিচ্ছি। হয়তো আরো বেশ কিছু দিন লাগবে মাটি ভরাট করতে।

এ বিষয়ে চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, আমি বাড়ি করার জন্য বেশ কিছু দিন যাবত্ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছি। দিগপাইত ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার রতন কুমার দেব বলেন, এ বিষয়ে মৌখিকভাবে এলাকার কিছু লোক অভিযোগ করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে দুইটি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করতে দেখেছি। এতে ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনায় ভাঙনের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার বলেন, আমি দিগপাইত ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমানসহ সবাইকে বালু উত্তোলন বন্ধ করতে বলেছি। আদেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে।