দাউদকান্দিতে পুকুরে নিখোঁজ পরিচ্ছন্নতা কর্মীর লাশ উদ্ধার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ২১:৩২

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা

দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়ন পরিষদের সম্মুখের পুকুরে নিখোঁজ পরিচ্ছন্নতা কর্মী হেলাল উদ্দীনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ২৮ ঘণ্টা পর সোমবার বিকাল ৪টায় তার লাশ উদ্ধার করা হয়। গত শনিবার রাতের প্রবল বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পুকুর ভরে পানিতে গৌরীপুর বাজারের দোকানপাট ডুবে যায়। এমতাবস্থায় রবিবার বেলা ১১টায় পুকুরের নিষ্কাষণ পাইপ পরিষ্কার করতে পানিতে নামে পরিচ্ছন্নতা কর্মী হাটচান্দিনা গ্রামের হেলাল উদ্দীন। ডুব দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেও না উঠায় স্থানীয় লোকজন দাউদকান্দি দমকল বাহিনীকে খবর দেয়। রবিবার চেষ্টা করেও লাশ উদ্ধার করতে পারেনি দমকল বাহিনী। পরে ঢাকা থেকে ডুবুরি এসে সোমবার বিকালে পরিচ্ছন্নতা কর্মী হেলাল উদ্দীনের লাশ উদ্ধার করে।  দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন নিখোঁজ পরিচ্ছন্নতা কর্মীর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।