নির্বাচন কমিশন শক্তিশালী ও স্বাধীন :তথ্যমন্ত্রী

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৪

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘দেশের নির্বাচন কমিশন শক্তিশালী ও স্বাধীন। বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য কারো সহযোগিতা দরকার আছে বলে আমি মনে করি না। কারণ ইতিপূর্বে নির্বাচন কমিশন অত্যন্ত সুষ্ঠু ও স্বচ্ছভাবে অনেক নির্বাচন করেছে।’ গতকাল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের প্রথম প্রকাশনা সাময়িকী ‘বিএসআরএফ বার্তা’ উদ্বোধনকালে ‘আগামী জাতীয় নির্বাচনে জাতিসংঘের সহায়তা প্রয়োজন আছে কি না’, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ড. হাছান এ সময় বিএসআরএফ বার্তা প্রকাশে সংগঠনটিকে অভিনন্দন জানান এবং সাময়িকীটি নিয়মিত প্রকাশ হবে বলে আশা প্রকাশ করেন।

এ সময় সাংবাদিকদের ব্যাংক হিসাব তলব প্রসঙ্গে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘সরকার যে কারো ব্যাংক হিসাব তলব করতে পারে। এমপি, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তাদেরও ব্যাংক হিসাব তলব হয়। তবে কেউ স্বচ্ছ থাকলে এখানে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। কারণ এই ব্যাংক হিসাব  থেকে যখন তাদের স্বচ্ছতা বেরিয়ে আসবে, তখন মানুষের সামনে তাদের ভাবমূর্তি উজ্জ্বল হবে। তবে এটি কেন সংগঠনের নাম দিয়ে চাওয়া হলো এবং কেন এটি গণমাধ্যমে প্রকাশিত হলো, সেটিই প্রশ্ন—সে প্রশ্ন অনেকেই রেখেছেন।’

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য বিএনপির ডাকের বিষয়ে প্রশ্ন করলে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি নেতৃবৃন্দ গত সাড়ে ১২ বছর ধরে এই দাবি করে আসছেন এবং জনগণকে আহ্বান জানিয়ে আসছেন কিন্তু জনগণ তো তাদের আহ্বানে সাড়া দেয়নি এবং সাড়া দেওয়ার কোনো কারণও নাই। বাংলাদেশে সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সংবিধান অনুযায়ী বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। বিএনপিকে বলব, এ ধরনের  ফাঁকাবুলি আউড়িয়ে লাভ হবে না।’