‘সম্মিলিতভাবে কাজ করলেই সমস্যার সমাধান’

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৬

সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা

সরকারি কর্মকর্তা, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান, সংবাদকর্মী ও সুশীল সমাজের সদস্যদের নিয়ে সিংগাইরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন রবিবার বিকেলে পরিষদের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে। মানিকগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ এ সময় বলেন, সম্মিলিতভাবে কাজ করলেই সমস্যার সমাধান করা সম্ভব হবে।

  উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লার সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, পৌর সভার মেয়র আবু নাঈম বাশার, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  আব্দুল মাজেদ খান, উপজেলা কৃষি কর্মকর্তা টিপু সুলতান স্বপন, শিক্ষা কর্মকর্তা সৈয়দা নার্গিস আক্তার, ক্রীড়া সংস্থার  সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল আলম উজ্জ্বল বক্তব্য রাখেন। আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা রোধ, ব্যাটারি চালিত যানবাহন বন্ধ, ফোর লাইন রাস্তা নির্মাণ, মুক্তিযোদ্ধা ভাস্কর্য স্থাপন, কর্মকর্তাদের আবাসন সংকট, ধলেশ্বরী নদীতে ট্যানারির বর্জ্য ফেলা বন্ধসহ  বিভিন্ন দাবি তোলা হয় সভায়।