ইত্তেফাক রিপোর্ট
কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সভাপতি ও শহীদুল ইসলাম বাবুলকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী কৃষক দলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে বিএনপি। গতকাল সোমবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কৃষক দলের এ কমিটি অনুমোদন করেছেন। কমিটির অন্য পদগুলোতে রয়েছেন—সিনিয়র সহসভাপতি বগুড়ার সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, সহসভাপতি অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, যুগ্ম সম্পাদক প্রকৌশলী টি এস আইয়ুব, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন এমপি ও দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম।
দীর্ঘ ২২ বছর পর এই কমিটি হলো। সবশেষ কৃষক দলের সম্মেলন হয়েছিল ১৯৯৮ সালের ১৬ মে। এরপর গত প্রায় ২২ বছরেও বিএনপির অন্যতম বৃহত্ এ অঙ্গসংগঠনটির সম্মেলন হয়নি। ১৯৮০ সালের ১১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় জাতীয়তাবাদী কৃষক দল। সে সময় তত্কালীন বিচারপতি আবদুস সাত্তারকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়। এরপর বিএনপির সাবেক মহাসচিব (পরে বহিষ্কৃত) আবদুল মান্নান ভূঁইয়াকে সভাপতি করে ১৯৯২ সালে কৃষক দলের কমিটি গঠন করা হয়। তখন শামসুজ্জামান দুদুকে সাধারণ সম্পাদক করা হয়। ১৯৯৮ সালের ১৬ মে সবশেষ কৃষক দলের জাতীয় কাউন্সিলে মাহবুবুল আলম তারাকে সভাপতি ও শামসুজ্জামান দুদুকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে ফখরুল দলের মহাসচিব হলে তিনি কৃষক দলের পদ থেকে সরে দাঁড়ান। এরপর থেকে কৃষক দলের সভাপতির পদ শূন্য ছিল।
